Iran Missile Attack: হরমুজে ফের উত্তেজনা, ক্ষেপণাস্ত্র ‘ছুড়ল’ ইরান, মধ্যপ্রাচ্যের আকাশে ফের ঘনাচ্ছে যুদ্ধের মেঘ? | Iran Accused of Missile Attack on Two Commercial Ships in Strait of Hormuz as Regional Tensions Escalate
তেহরান: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। ট্রাম্প (Donald Trum) বারবার ইরানের উপর হামলার হুঁশিয়ারি দিচ্ছে। এই আবহে ফের হরমুজ প্রণালীতে দু’টি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালাল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)। জাহাজ দু’টিকে লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র (Iran Missile Attack on Ships) ছোড়া হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। এক মার্কিন আধিকারিক ওই সংবাদমাধ্যমকে জানিয়েছে, হামলায় দু’টি জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও কোনও হতাহতের খবর নেই।
উল্লেখ্য, তিন সপ্তাহ আগেই আমেরিকার সঙ্গে একটি মউ সাক্ষর করেছিল ইরান। সেই চুক্তিতে হরমুজ প্রণালীতে হামলা বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল তেহরান। এছাড়া কাতারের মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের মধ্যে এক সপ্তাহের সংঘর্ষবিরতির মেয়াদ শেষ হওয়ার পরই এই হামলার অভিযোগ সামনে এল।
ওমান উপকূলে ট্যাঙ্কারে আগুন
অন্যদিকে, মঙ্গলবার ভোরে ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লাগে। ব্রিটিশ সামরিক বাহিনী জানিয়েছে, একটি প্রজেক্টাইল আঘাতের পরই ওই আগুন লাগে। ব্রিটিশ সেনার দাবি, এই হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও সংগঠন বা দেশ এই হামলার দায় স্বীকার করেনি।
ইরানের দিকেই সন্দেহের তির
সাম্প্রতিক দিনগুলিতে ওমানের কাছাকাছি একই রুটে চলাচলকারী আরও দুটি জাহাজে হামলার পিছনেও ইরান থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। পরপর বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ এবং ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনায় হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি, সাম্প্রতিক সংঘর্ষবিরতি ও সমঝোতা চুক্তি ভবিষ্যতে কতটা কার্যকর থাকবে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।