Bardhaman News: প্রেমিক বিয়ে করে নিচ্ছে, শুনেই বিষ খেয়ে আত্মহত্যা স্কুল ছাত্রীর | School girl commits suicide by consuming poison after hearing her boyfriend is getting married
খণ্ডঘোষ (বর্ধমান): প্রেমিকের বিয়ের কথা জানতে পেরে বড় সিদ্ধান্ত। কীটনাশক খেয়ে আত্মঘাতী নিল স্কুলছাত্রী। মৃতার নাম চাঁদনি খাতুন (১৬)। খণ্ডঘোষ থানার কুলচওড়া গ্রামে বাড়ি তার। পরিবার সূত্রে খবর, সে স্থানীয় হাইস্কুলে একাদশ শ্রেণিতে পড়ত।
জানা গিয়েছে, দিনকয়েক আগে বাড়িতে সে কীটনাশক খায়। তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে বর্ধমান শহরের নবাবহাট এলাকার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুদিন থাকার পর সুস্থ হলে তাকে গলসি থানার খেতুড়া গ্রামে মামারবাড়িতে নিয়ে যাওয়া হয়। সোমবার রাতে ফের অসুস্থ হলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃতার মা অমিতা বেগম বলেন, “বছরখানেক আগে দেওয়ানদিঘি থানার মিরিকপাড়ায় এক যুবকের সঙ্গে ফেসবুকে মেয়ের পরিচয় হয়। পরে তাদের দু’জনের মধ্যে ভাব ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন মেয়ে পাঁচ মাস আগে ওই যুবকের বিয়ে হয়ে যাওয়ার কথা জানতে পারে। এরপরই সে কীটনাশক খেয়ে নেয়। আমরা প্রথমে জানতে পারিনি। পরে ও অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নিয়ে যাই। তখন ডাক্তারা বলল বিষ খেয়েছে। মেয়ে আর নেই।” গোটা ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।