তাণ্ডব দলবদলু বন্ধুদের, তৃণমূল কর্মী ঘরছাড়া
এই সময়, দুর্গাপুর: যে সব বন্ধুদের সঙ্গে তৃণমূলের হয়ে একটা সময়ে লড়াই-আন্দোলন করেছেন, রাজ্যে পালাবদলের পরে সেই বন্ধুরাই শিবির পাল্টে রাতারাতি বিজেপি হয়ে গিয়েছেন। এই ‘তৎকাল’ বিজেপি কর্মীদের দৌরাত্ম্যে গত এক মাসের বেশি সময় ধরে বাড়িছাড়া বেনাচিতি অঞ্চলের নতুনপল্লির বাসিন্দা বাপি রায়!
বাপির খোঁজে প্রত্যেক দিন তাঁর বাড়িতে এসে হুমকি দিচ্ছিলেন বন্ধুরা। রবিবার বাপিকে না-পেয়ে বাড়িতে ভাঙচুর চালান সেই নব্য বিজেপি বন্ধুরা! রেয়াত করা হয়নি বাপির মা-বাবাকে। তাঁদেরও মারধর করা হয়েছে। দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে গিয়েছে।
রবিবার সেই নব্য বিজেপির দল বাপির ঘরের আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি জানলা ও দরজার কাচ ভেঙেছেন। বাড়ি লক্ষ্য করে ইট ছুড়েছেন। বাপির মা রিনা রায় বলেন, ‘যারা হামলা করেছে, প্রত্যেকে আমার ছেলের সঙ্গেই তৃণমূল করত। পরিবর্তনের পরে সেই বন্ধুরা বিজেপি হয়ে আমার ছেলেকে মারধর করবে বলে রোজ বাড়িতে এসে হুমকি দিচ্ছিল। ভয়ে বাড়িছাড়া হয়েছে ছেলে।’
তিনি আরও বলেন, ‘রবিবার বাড়িতে এসে ওরা ভাঙচুর করেছে। বলেছে, বাঁচতে হলে এক কোটি টাকা দিতে হবে, না-হলে বাড়ি ছেড়ে দিতে হবে। এত টাকা কোথায় পাব আমরা? আমাকে ও স্বামীকে মারধর করেছে। আতঙ্কের মধ্যে আছি।’
স্থানীয় বিজেপি নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছেন নতুনপল্লির ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। দলের জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, ‘৪ মে-র পরে যারা নতুন বিজেপি হয়েছে, এটা তাদের কাজ। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।’