Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে হঠাৎ অমিত শাহ, জোর জল্পনা | Union home minister Amit Shah Visits actor Prosenjit Chatterjee’s Kolkata Residence, Meeting Sparks Political Speculation
অমিত শাহ (বাঁদিকে), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (ডানদিকে)Image Credit: TV9 Bangla
সায়ন্ত ভট্টাচার্য
কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে একাধিক অনুষ্ঠানে অংশ নিতে সোমবার কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তারই ফাঁকে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে গেলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিকরা। প্রসেনজিতের বাড়িতে শুধুমাত্র ‘সৌজন্য সাক্ষাৎ’ করতেই শাহ গেলেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
এদিন কলকাতায় শাহর যে সব কর্মসূচি নির্ধারিত ছিল, সেখানে প্রসেনজিতের সঙ্গে সাক্ষাতের বিষয়টি উল্লেখ ছিল না। কলকাতা বিমানবন্দরে নামার পর শাহ ইকো পার্কে যান। সেখানে শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যান ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতে। সেখানে কিছুক্ষণ ছিলেন তিনি। শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়ি থেকে মিলন মেলায় শ্যামাপ্রসাদকে নিয়ে অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল শাহর। তবে ভবানীপুর থেকে বেরিয়ে প্রসেনজিতের বালিগঞ্জের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলা সিনেমা জগতের প্রথিতযশা অভিনেতার সঙ্গে শাহর সাক্ষাৎ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।
চলতি বছরের ৭ ফেব্রুয়ারি প্রসেনজিতের বালিগঞ্জের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রসেনজিৎ পদ্মশ্রী সম্মান পাওয়ার পর রুদ্রনীল ঘোষকে নিয়ে প্রসেনজিতের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সুকান্ত। প্রসেনজিতের হাতে একটি রামলালার মূতি তুলে দিয়েছিলেন। জানা গিয়েছিল, সিনেমা জগত, অভিনয় নিয়ে মূলত তাঁদের মধ্যে কথা হয়েছিল। উঠে এসেছিল রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতির কথাও।
প্রসেনজিতের সঙ্গে সাক্ষাতের পর সুকান্ত জানিয়েছিলেন, অভিনেতার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে এসেছিলেন। পদ্মশ্রী সম্মান পাওয়ায় প্রসেনজিৎকে শুভেচ্ছা জানাতেই তাঁর বাড়িতে গিয়েছিলেন। সুকান্ত বলেছিলেন, “এই সাক্ষাৎ একেবারেই রাজনৈতিক নয়। সব কিছুর পিছনে রাজনীতি না খোঁজাই ভালো। শিক্ষা, ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে রাজনীতি না করাই ভালো। রাজনৈতিক আগ্রাসন থেকে দূরে থাক সিনেমা।”
সেইসময় ওই সাক্ষাৎ ঘিরে আলোচনা বেশিদূর গড়ায়নি। তবে কিছুদিন আগে তাঁর নিজের ছবি দেখার আমন্ত্রণ জানিয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন প্রসেনজিৎ। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছে গেলেন অভিনেতার বাড়িতে। তাঁদের এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।