ছ’মাস ধরে জলবন্দি এলাকা, যাতায়াতে ভরসা ভেলা
স্থানীয় বাসিন্দা প্রিয়া সিং বলেন, ‘আমরা ছ’মাস ধরে জলবন্দি। বাড়ি থেকে বেরোতে গেলেই জল পেরোতে হয়। বহু বার অভিযোগ জানিয়েছি, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান এখনও হয়নি।’ অন্য এক বাসিন্দা পূর্ণিমা মণ্ডল বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা পানীয় জল। টাকা দিয়ে জল কিনতে হচ্ছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুব কষ্টে দিন কাটছে।’ চম্পা মণ্ডল বলেন, ‘বাজারে যাওয়া থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিস আনা, সবই খুব কঠিন হয়ে গিয়েছে। কেউ অসুস্থ হলে আরও বেশি সমস্যায় পড়তে হয়। আমরা চাই, দ্রুত এই অবস্থার স্থায়ী সমাধান হোক।’ বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে জল জমে থাকার ফলে মশার উপদ্রবও বেড়েছে। ডেঙ্গি ও অন্যান্য জলবাহিত রোগের আশঙ্কায় আতঙ্কিত তাঁরা। শিশু ও প্রবীণদের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ বাড়ছে। তাঁদের একটাই আবেদন, দ্রুত জলনিকাশি ব্যবস্থার উন্নতি করে এলাকাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হোক।