CM Suvendu Adhikari: বাংলায় সরকার বদলাতেই হাল ফিরছে উচ্চশিক্ষার? কলেজে ভর্তির পরিসংখ্যান দিয়ে বোঝালেন শুভেন্দু | West bengal college admissions 2026 cm suvendu adhikari says enrolment rises to 3 08 lakh female admissions up 26 45 percent
কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?Image Credit: TV9 Bangla
কলকাতা: তৃণমূল আমলে বাংলায় শিক্ষাব্যবস্থা নিয়ে একের পর এক অভিযোগ তুলত বিরোধীরা। শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছিল বলে অভিযোগ। রাজ্যে পালাবদলের পরই শুভেন্দু-সরকার স্পষ্ট করে দেয়, শিক্ষাব্যবস্থার হাল ফেরাতে সবরকম পদক্ষেপ করা হবে। মেয়েদের উচ্চশিক্ষায় আগ্রহ বাড়াতে বাজেটে বড় প্রস্তাব দেওয়া হয়েছে। এবার কলেজে পড়ুয়া ভর্তির পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, গত শিক্ষাবর্ষের থেকে এবার কলেজে ভর্তির সংখ্যা অনেকটাই বেড়েছে। এমনকি, মেয়েদের কলেজে ভর্তির সংখ্যাও বেড়েছে।
কী জানালেন মুখ্যমন্ত্রী?
এদিন এক্স হ্যান্ডেলে একাধিক পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী লেখেন, ‘২০২৬–২৭ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় ভর্তি পোর্টালের মাধ্যমে প্রথম পর্যায়ে কলেজে ভর্তি হওয়া সকল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এ বছর প্রথম পর্যায়ে মোট ৩,০৮,৭৯৩ জন ছাত্রছাত্রীর ভর্তি সম্পন্ন হয়েছে, যা ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ২,৫৭,৪২৯ জনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।’ এরপরই মেয়েদের ভর্তির কথা উল্লেখ করে শুভেন্দু লেখেন, ‘বিশেষভাবে উৎসাহব্যঞ্জক বিষয় হল, গত শিক্ষাবর্ষের তুলনায় ছাত্রীদের ভর্তি ২৬.৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।’
তিনি জানান, ‘আগামী ৭ জুলাই থেকে কলেজে ক্লাস শুরু হবে। যাঁরা প্রথম পর্যায়ে ভর্তি হতে পারেননি, তাঁদের অনুরোধ করছি ৭ জুলাই থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়ায় কেন্দ্রীয় ভর্তি পোর্টালের মাধ্যমে অংশগ্রহণ করতে।’ পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘আমরা সবসময় আপনাদের পাশে আছি। সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা।’
এক্স হ্যান্ডলে পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের চেয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির আবেদন বেড়েছে ২০.৩৫ শতাংশ। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম পর্যায়ে আবেদন জমা পড়েছে ২৫ লক্ষ ১৭ হাজার ৩৮৪টি। সেখানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আবেদনের সংখ্যা ছিল ২০ লক্ষ ৯১ হাজার ৩৪৮টি।
গত শিক্ষাবর্ষের চেয়ে এবার ভর্তির সংখ্যাও বেড়েছে ১৯.৯৪ শতাংশ। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম পর্যায়ে ভর্তি হয়েছেন ৩ লক্ষ ৮ হাজার ৭৪৮ জন পড়ুয়া। সেখানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন ২ লক্ষ ৫৭ হাজার ৪২৯ জন।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ছাত্রীদের ভর্তি ও আবেদন। গত শিক্ষাবর্ষের চেয়ে এবার ছাত্রীদের কলেজে ভর্তির আবেদন বেড়েছে ২৫.৭৮ শতাংশ। আবার গত অর্থবর্ষের চেয়ে কলেজে ভর্তি হওয়া ছাত্রীর সংখ্যা বেড়েছে ২৬.৪৫ শতাংশ। প্রসঙ্গত, গত ১৮ মে থেকে কলেজে ভর্তির জন্য চালু হয় এই পোর্টাল। ৪৬০টি সরকারি এবং সরকার অনুমোদিত কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পেরেছেন পড়ুয়ারা।
মেয়েদের উচ্চশিক্ষায় আগ্রহ বাড়াতে কয়েকদিন আগে বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছিলেন, সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়া অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা দেওয়া হবে। কলেজে ভর্তির ক্ষেত্রে গত শিক্ষাবর্ষের চেয়ে এবার মেয়েদের সংখ্যা বাড়া নিয়ে নিজের উচ্ছ্বাস চেপে রাখেননি মুখ্যমন্ত্রী। ভর্তির দ্বিতীয় পর্যায়ে আরও কতজন ভর্তি হন, সেটাই এখন দেখার।