Adani Group: গরিবদের জন্য সুখবর! বাংলায় ২৫০০ কোটি টাকা বিনিয়োগ আদানির | Adani Group to Build 2,000 Bed World Class Hospital in New Town, Major Healthcare Investment in West Bengal
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
কলকাতা: পালাবদলের পর রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় এক বড়সড় বিনিয়োগের জোয়ার। আদানি গোষ্ঠীর হাত ধরে পশ্চিমবঙ্গে আসতে চলেছে বিপুল বিনিয়োগ। নিউ টাউনে গড়ে তোলা হবে ২০০০ শয্যার একটি অত্যাধুনিক ও বিশ্বমানের হাসপাতাল। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, “আদানি লিখিত ভাবে প্রতিশ্রুতি দিয়েছে ২০০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল তৈরি করবে নিউ টাউনে।”
এর আগে পূর্বতন সরকারের আমলে তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির প্রকল্পে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল আদানি গোষ্ঠী। তবে নানা কারণে সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়ে ওঠেনি। এবার রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে পা রাখতে চলেছে তারা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর সচেতকদের আশা, নিউ টাউনের এই প্রস্তাবিত মেগা হাসপাতালটি তৈরি হলে রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে যাবে এবং বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
শনিবার নিজের বিধানসভা নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের নাগরিক সমাজের সঙ্গে এক আলোচনাচক্রে যোগ দিয়ে রাজ্যে এক বড় বিনিয়োগের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলিপুর নাগরিক সমিতি আয়োজিত ওই কর্মসূচিতে ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সেখানে গত দু’মাসে রাজ্য সরকারের কাজের খতিয়ান দেওয়ার সময় মুখ্যমন্ত্রী জানান, আদানি গোষ্ঠী লিখিত প্রতিশ্রুতি দিয়ে নিউ টাউনে একটি ২০০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল তৈরি করতে চলেছে। এই হাসপাতালের ১০০০টি শয্যা সম্পূর্ণ দরিদ্র মানুষের জন্য সংরক্ষিত থাকবে এবং বাকি ১০০০টি শয্যা বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হবে।
সিঙ্গুর থেকে টাটা গোষ্ঠী চলে যাওয়ার পর গত দেড় দশকে রাজ্যে বড় কোনও শিল্প বা বিনিয়োগ আসেনি, যার ফলে রাজ্যের শিল্প-চিত্র ক্রমশ মলিন হয়েছে। এই অবস্থায় রাজ্যের শিল্প এবং বিনিয়োগের হাল ফেরাতে শুরু থেকেই তৎপরতা দেখাচ্ছে শুভেন্দুর নেতৃত্বাধীন নতুন সরকার। সেই লক্ষ্যেই এ দিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, “পশ্চিমবঙ্গে সব আছে, সব সুযোগ-সুবিধা আছে। নির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসুন।” তিনি আশ্বস্ত করেন যে জমি সংক্রান্ত সমস্যা বা অন্য যেকোনো প্রয়োজনে রাজ্য সরকার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। বিনিয়োগকারী এবং শিল্পপতিদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর আহ্বান, “আপনারা আসুন। আপনাদের ঘনিষ্ঠদের অনুপ্রাণিত করুন।” তবে বিনিয়োগের জন্য যে আগে রাজ্যের পরিবেশ-আইনশৃঙ্খলা আরও সুসংগঠিত করতে হবে, সেটাও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।