হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন স্ত্রী, অভিনব উপায় বের করলেন স্বামী, ধন্য ধন্য করছেন নেটিজ়েনরা
স্ত্রী মমতাজের জন্য তাজমহল বানিয়েছিলেন সম্রাট শাহজাহান। অন্ধ্রপ্রদেশের কৃষক শিবনারায়ণ রেড্ডি (৬৫) তাঁর স্ত্রীর জন্য যা করলেন, তা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। স্ত্রীর হাঁটুর ব্যথার কষ্ট পান। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কষ্ট হয়। স্ত্রীর কষ্ট সহ্য করতে না পেরে বাড়িতেই বানালেন এসকেলেটর বা চলমান সিঁড়ি। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলারার্থমুরু গ্রামের ঘটনা।
শিবনারায়ণের স্ত্রী সত্যবেণী (৫৮) দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় ভুগছিলেন। সিঁড়ি ভাঙতে গিয়ে সত্যবেণী প্রতিদিন যন্ত্রণায় কেঁদে ফেলতেন। তাই সমস্যার সমাধানে অভিনব উপায় বের করেন শিবনারায়ণ। তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। বড় কোনও ডিগ্রি না থাকলেও স্ত্রীর প্রতি তাঁর ভালোবাসা অগাধ।
কোনও টেকনিক্যাল সার্টিফিকেট বা ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়াই তিনি সাধারণ বুদ্ধি খাটিয়ে কাজ শুরু করেন। এর পরে বাজার থেকে বৈদ্যুতিক মোটর, লোহার পাত, বেয়ারিং এবং সুরক্ষার জন্য স্টপার কিনে আনেন। টানা ২০ দিনের পরিশ্রমে তিনি বাড়ির সিঁড়িতে এসকেলেটরটি তৈরি করে ফেলেন।
এসকেলেটর বানাতে শিবনারায়ণের খরচ হয়েছে ৭০,০০০ টাকা। তিনি বছরের পর বছর ধরে ট্রাক্টর, ধান কল এবং নানা রকম চাষের যন্ত্রপাতি মেরামত করেছেন। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়েছেন তিনি। তাঁর তৈরি এই লিফট এতটাই শক্তিশালী, যে সেটি প্রায় ৩০০ কেজি পর্যন্ত ওজন অনায়াসে বইতে পারবে। এখন সত্যবেণী খুব সহজে দোতলায় যাতায়াত করেন, তেমনই চালের বস্তা বা ভারী বাজারের ব্যাগ উপরে তোলাও সহজ হয়। এসকেলেটরটি খুব কম বিদ্যুতে চলে এবং বিশেষ সুরক্ষা লক রয়েছে।