বর্ষায় ত্বকের যত্নে চাই সম্পূর্ণ ভিন্ন রুটিন, কী ভাবে হবে সেই কাজ?  - 24 Ghanta Bangla News
Home

বর্ষায় ত্বকের যত্নে চাই সম্পূর্ণ ভিন্ন রুটিন, কী ভাবে হবে সেই কাজ? 

Spread the love

গরমের পর বর্ষার আগমন স্বস্তি এনে দিলেও এই সময় ত্বকের সমস্যা অনেকটাই বেড়ে যায়। বৃষ্টির সঙ্গে বাড়তে থাকা আর্দ্রতার কারণে অনেকেরই ব্রণ, অতিরিক্ত তেলতেলে ভাব, চুলকানি বা ছত্রাকজনিত সংক্রমণের সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে ত্বক সুস্থ রাখতে স্কিনকেয়ার রুটিনে কয়েকটি ছোট পরিবর্তন করলে অনেক সমস্যার ঝুঁকি কমানো সম্ভব।

বর্ষায় কেন বাড়ে ব্রণের সমস্যা?

বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। ফলে ঘাম সহজে শুকোতে পারে না এবং ত্বকের উপর ঘাম ও তেল একসঙ্গে জমে রোমছিদ্র বন্ধ করে দেয়। এর ফলে সহজেই ব্রণ দেখা দেয়।

বিশেষজ্ঞদের মতে, এই সময় ফাঙ্গাল অ্যাকনে (Pityrosporum folliculitis)-এর ঝুঁকিও বাড়ে। এটি সাধারণ ব্রণের মতো দেখালেও আসলে ছত্রাকজনিত সংক্রমণ। সাধারণত কপাল, বুক বা পিঠে ছোট ছোট চুলকানিযুক্ত ফুসকুড়ি দেখা যায়। এই ধরনের সমস্যায় সাধারণ ব্রণের ওষুধ নয়, অ্যান্টি-ফাঙ্গাল চিকিৎসার প্রয়োজন হয়।

বর্ষায় কী ভাবে ত্বকের যত্ন নেবেন?

মাইল্ড ফেসওয়াশ ব্যবহার করুন

দিনে দু’বার জেল-ভিত্তিক বা ওয়াটার-বেসড ক্লিনজ়ার দিয়ে মুখ পরিষ্কার করুন। অতিরিক্ত মুখ ধুলে ত্বকের প্রাকৃতিক ব্যারিয়ার নষ্ট হয় এবং উল্টে আরও বেশি তেল নিঃসৃত হতে পারে। নিয়াসিনামাইড, জ়িঙ্ক পিসিএ বা অল্পমাত্রার স্যালিসিলিক অ্যাসিডযুক্ত ক্লিনজ়ার ব্যবহার করলে উপকার মিলতে পারে।

ময়েশ্চারাইজ়ার ব্যবহার বন্ধ করবেন না

অনেকেই বর্ষায় ত্বক তেলতেলে লাগে বলে ময়েশ্চারাইজ়ার ব্যবহার বন্ধ করে দেন। এটি বড় ভুল। ত্বক শুষ্ক হয়ে গেলে শরীর আরও বেশি তেল তৈরি করতে শুরু করে। তাই হালকা, জলভিত্তিক ময়েশ্চারাইজ়ার বা হায়ালুরোনিক অ্যাসিড জেল ব্যবহার করুন।

সানস্ক্রিন অবশ্যই লাগান

আকাশ মেঘলা থাকলেও সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থাকে। তাই প্রতিদিন SPF ৩০ থেকে ৫০-এর ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। দীর্ঘ সময় বাইরে থাকলে প্রতি তিন ঘণ্টা অন্তর আবার লাগান।

বালিশের কভার ও মোবাইল পরিষ্কার রাখুন

মোবাইলের স্ক্রিন এবং বালিশের কভারে ঘাম, তেল ও ব্যাকটেরিয়া জমে থাকে। সপ্তাহে অন্তত দু’বার বালিশের কভার বদলান এবং নিয়মিত ফোন পরিষ্কার করুন। এতে গাল ও চোয়ালের আশপাশে ব্রণ হওয়ার ঝুঁকি কমে।

স্ক্রাব নয়, কেমিক্যাল এক্সফোলিয়েশন বেছে নিন

খুব জোরে স্ক্রাব করলে ত্বকে ক্ষুদ্র ক্ষত তৈরি হতে পারে। তার বদলে স্যালিসিলিক অ্যাসিড বা ম্যান্ডেলিক অ্যাসিডযুক্ত কেমিক্যাল এক্সফোলিয়েন্ট ব্যবহার করলে রোমছিদ্র পরিষ্কার থাকে এবং প্রদাহও কম হয়।

বর্ষায় কোন ভুল এড়িয়ে চলবেন?

ভারী ক্রিম, পেট্রোলিয়াম জেলি বা ঘন ফেস অয়েল ব্যবহার না করাই ভালো। এগুলি ত্বকে অতিরিক্ত আর্দ্রতা আটকে রেখে রোমছিদ্র আরও সহজে বন্ধ করে দিতে পারে।

ব্রণ উঠলেই স্কিনকেয়ার রুটিন বদলে ফেলবেন না বা সব পণ্য ব্যবহার বন্ধ করবেন না। নিয়মিত একই রুটিন অনুসরণ করাই বেশি কার্যকর।

চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করবেন না। এতে সাময়িক আরাম মিললেও দীর্ঘমেয়াদে ত্বক পাতলা হয়ে যাওয়া, রোসেসিয়া বা আরও গুরুতর সমস্যা দেখা দিতে পারে।

অ্যালকোহলযুক্ত টোনার ব্যবহারও এড়িয়ে চলুন। এগুলি ত্বকের প্রাকৃতিক সুরক্ষা নষ্ট করে এবং উল্টে আরও বেশি তেল নিঃসরণ ঘটাতে পারে।

খাবারেও নজর দিন

ত্বকের সুস্থতা শুধু প্রসাধনীর উপর নির্ভর করে না। অতিরিক্ত ভাজাভুজি ও পরিশোধিত কার্বোহাইড্রেটযুক্ত খাবার ব্রণের সমস্যা বাড়াতে পারে। বরং ডাল, কুমড়োর বীজের মতো জ়িঙ্ক সমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখুন এবং পর্যাপ্ত জল পান করুন। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত স্কিনকেয়ার একসঙ্গে মেনে চললে বর্ষাতেও ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখা সম্ভব।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *