ডাম্পার থেকে পাথর নামানোর সময়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ১৬ বছরের কিশোরের
হরিয়ানার গুরুগ্রামে নির্মীয়মাণ একটি প্রকল্পে কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল ১৬ বছরের এক কিশোর। ডাম্পার থেকে পাথর ও কাঁকর নামানোর সময়ে মুহূর্তের মধ্যে বিশাল স্তূপের নিচে চাপা পড়ে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। অভিযোগের ভিত্তিতে ডাম্পার চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম প্রিয়াংশু মৌর্য (১৬)। উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা হলেও তাঁর পরিবার বর্তমানে উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার প্রেমপুর লোসানিতে বসবাস করে। প্রিয়াংশু একটি ডাম্পার ট্রাকে সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন।
ঘটনাটি শুক্রবার ভোররাত প্রায় ১টা নাগাদ গুরুগ্রামের সেক্টর ১১৩-এর একটি নির্মাণস্থলে ঘটে। পুলিশ জানিয়েছে, ডাম্পারটি কাঁকর ও পাথর নিয়ে নির্মাণস্থলে পৌঁছানোর পর চালক প্রিয়াংশুকে ট্রাকের পিছনে গিয়ে টেলগেট খুলতে বলেন। প্রিয়াংশু টেলগেট খুলতেই চালক হাইড্রোলিক লিফট চালু করে দেন এবং ডাম্পারের মাল খালাস শুরু হয়।
তদন্তে জানা গিয়েছে, টেলগেট খোলার সময়ে প্রিয়াংশু ভারসাম্য হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ কাঁকর ও পাথর তাঁর পায়ের ওপর এসে পড়ে। তিনি চিৎকার করে সাহায্য চাইলেও চালক তা শুনতে পাননি। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই চালক ডাম্পারের পুরো মাল খালাস করে দেন। কয়েক সেকেন্ডের মধ্যেই কিশোরটি সম্পূর্ণভাবে পাথরের স্তূপের নিচে চাপা পড়ে যায়।
ঘটনার পরে চালক অনেকক্ষণ প্রিয়াংশুকে খুঁজে না পেয়ে আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন। তখনই দেখা যায়, মাল খালাসের সময়ো প্রিয়াংশু পাথরের নিচে চাপা পড়েছেন। এর পরে শ্রমিকরা দ্রুত পাথর সরিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রিয়াংশুর বাবা দুর্গা প্রসাদ মৌর্যের অভিযোগের ভিত্তিতে বাজঘেরা থানায় ডাম্পার চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে এবং চালকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
এই দুর্ঘটনা নির্মাণক্ষেত্রে নিরাপত্তা বিধি মানা এবং শ্রমিকদের সুরক্ষা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিয়েছে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরকে কী ভাবে এমন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা হলো? সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।