Air India: সস্তা হচ্ছে বিদেশ ভ্রমণ? যাত্রীদের জন্য স্বস্তির খবর দিল এয়ার ইন্ডিয়া | Air India Cuts Fuel Surcharge on International Flights to US, Canada, Europe, UK and Australia
নয়া দিল্লি: বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক উড়ানে জ্বালানি সারচার্জ (Air India Fuel Surcharge) কমানোর ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া (Air India)। আমেরিকা (America), কানাডা (Canada), ইউরোপ, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া-সহ একাধিক আন্তর্জাতিক রুটে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সেক্ষেত্রে, সংস্থার আন্তর্জাতিক বিমানের টিকিটের দাম কমতে পারে।
কেন কমানো হল ফুয়েল সারচার্জ?
গত এপ্রিল মাসে পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল এবং এটিএফ-এর দাম হঠাৎ বেড়ে যায়। এর ফলে এয়ার ইন্ডিয়ার পরিচালন খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সেই সময় সংস্থার তরফে আন্তর্জাতিক বিমানের ফুয়েল সারচার্জ বাড়ানো হয়েছিল। এখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমে যাওয়ায় সেই অতিরিক্ত চার্জ কমানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। ফুয়েল সারচার্জ কমলে টিকিটের দামও কিছুটা কমবে।
কতটা কমল সারচার্জ?
কিছু রুটে প্রায় ৩৯ শতাংশ পর্যন্ত ফুয়েল সারচার্জ কমানো হয়েছে। উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার উড়ানের ক্ষেত্রে প্রত্যেক টিকিটের ক্ষেত্রে ফুয়েল সারচার্জ ২৮০ মার্কিন ডলার থেকে কমিয়ে ২০০ ডলার করা হয়েছে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় সারচার্জ ২৬ হাজার ৭৪৬ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ১৯ হাজার ১০৪ টাকা। প্রায় সাত হাজার টাকা কমানো হয়েছে সারচার্জ। অন্যদিকে, ইউরোপ ও ব্রিটেনের উড়ানে এই চার্জ ২০৫ ডলার থেকে কমিয়ে ১২৫ ডলার করা হয়েছে।
ডোমেস্টিক উড়ানে কোনও পরিবর্তন নেই
আপাতত আন্তর্জাতিক রুটের ক্ষেত্রেই ফুয়েল সারচার্জে ছাড় দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার ডোমেস্টিক উড়ানের ফুয়েল সারচার্জে কোনও পরিবর্তন করা হয়নি। সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার উপর নজর রাখা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে আরও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
যাত্রীদের কী লাভ হবে?
বিশেষজ্ঞদের মতে, একটি বিমান সংস্থার মোট পরিচালন খরচের প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশই এটিএফ-এর জন্য ব্যয় হয়। ফলে জ্বালানির দাম কমলে তার প্রভাব বিমানভাড়াতেও পড়তে পারে। বিশেষজ্ঞদের ধারণা, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যদি স্থিতিশীল থাকে, তাহলে ভবিষ্যতে অন্যান্য বিমান সংস্থাও ফুয়েল সারচার্জ কমানোর পথে হাঁটতে পারে।