বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বৃষ্টির লাল সতর্কতা, ধেয়ে আসছে দুর্যোগ - 24 Ghanta Bangla News
Home

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বৃষ্টির লাল সতর্কতা, ধেয়ে আসছে দুর্যোগ

Spread the love

কলকাতা: দক্ষিণবঙ্গে বর্ষার আগমনী বার্তার মাঝেই আবহাওয়ার বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে…

কলকাতা: দক্ষিণবঙ্গে বর্ষার আগমনী বার্তার মাঝেই আবহাওয়ার বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে। সপ্তাহান্তের এই দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলায় প্রশাসনকে আগাম সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। (South Bengal Heavy Rain Alert)

আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া উত্তাল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার পাশাপাশি শুরু হবে বৃষ্টির দাপট। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে এই গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের জন্য হলুদ সংকেত জারি করা হয়েছে।

শনি ও রবিবার চরম সতর্কতা

দুর্যোগের তীব্রতা আরও বাড়তে পারে শনিবার থেকে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় আবহাওয়া দপ্তরের তরফে ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলাতেও ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার নাগাদ এই দুর্যোগের পরিধি আরও ছড়িয়ে পড়তে পারে। সেদিন পুরুলিয়া, বাঁকুড়াসহ মেদিনীপুরের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি ও বর্ধমানের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

কলকাতার হালচাল

তিলোত্তমায় শুক্রবার সন্ধ্যার পর থেকেই আবহাওয়া বদলানোর সম্ভাবনা রয়েছে। শহরের ওপর দিয়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনি ও রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা জনজীবনে বিঘ্ন ঘটাতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার চিত্র

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে অবশ্য আপাতত দুর্যোগের তীব্রতা কিছুটা কম থাকবে। পাহাড়ি এলাকা বা সংলগ্ন অঞ্চলগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়ার পরিবর্তন ঘটবে আগামী মঙ্গলবার থেকে। সপ্তাহান্তের পর দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার নাগাদ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *