Shakir Ali: জামিন পেলেন অপরূপার স্বামী, তবে মানতে হবে একাধিক শর্ত | Former TMC MP Aparupa Poddar’s Husband Shakir Ali Granted Bail in NIA Ram Navami Violence Case
জামিন পেলেন শাকির আলিImage Credit: TV9 Bangla
কলকাতা: গ্রেফতারের ৪ দিনের মধ্যে স্বস্তি পেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলি। ৩ বছর আগে রামনবমী মিছিলে অশান্তির ঘটনায় তাঁকে গ্রেফতার করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ওই মামলায় শুক্রবার এনআইএ আদালতে জামিন পেলেন শাকির। তবে একাধিক শর্ত দিয়েছেন বিচারক। তাঁর আইনজীবীর দাবি, ওই মামলায় শাকিরের কোনও ভূমিকা থাকার প্রমাণ দেখাতে পারেনি এনআইএ। তাই, তাঁদের আর্জি মেনে জামিন দিয়েছেন বিচারক।
২০২৩ সালে রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় ধৃত শাকিরকে এদিন ১০ হাজার টাকার বন্ডে জামিন দিলেও বিচারক একাধিক শর্ত দিয়েছেন। ১৫ দিনে একবার এনআইএ অফিসে হাজিরা দিতে হবে প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীকে। রাজ্যের বাইরে যেতে হলেও আদালতের অনুমতি নিতে হবে। অর্থাৎ জামিন পেলেও একাধিক শর্ত মানতে হবে শাকিরকে।
কী বললেন শাকিরের আইনজীবী?
শাকিরের আইনজীবী ফজলে আহমেদ খান বলেন, “৩ বছর ধরে তদন্ত চলছে। কোনও ডেভেলপমেন্ট নেই। সবাই জামিনে রয়েছে। যাঁরা ঘটনার দিন ঘটনাস্থলে ধরা পড়েছিলেন, তাঁরাও জামিনে রয়েছেন। এবং এনআইএ মামলটি গ্রহণ করার পর যাঁরা ধরা পড়েছিলেন, তাঁরাও জামিনে রয়েছেন। এই মামলায় কেউ হেফাজতে নেই। তদন্তে কোনও অগ্রগতি নেই। তাছাড়া উনি এনআইএ অফিসে গিয়েছেন বারবার। যখনই ডেকেছে, তখনই গিয়েছেন। সহযোগিতা করছেন। ওই ঘটনায় মক্কেলের কোনও সক্রিয় ভূমিকা এনআইএ দেখাতে পারেনি। শুধু উস্কানিদাতা বলে দেখিয়েছে। উস্কানিদাতার ভূমিকাও দেখাতে পারেনি। আদালতে দীর্ঘ শুনানি হয়। ওরা জেল হেফাজত চেয়েছিল। আমরা জামিনের আবেদন জানিয়েছিলাম। আদালত ওদের আবেদন খারিজ করে জামিন মঞ্জুর করেছেন।”
মঙ্গলবার সকালে এনআইএ আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন শাকিরের বাড়িতে। কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীকে। এদিকে, শাকিরকে গ্রেফতার পর তাঁর রিষড়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ রাউন্ডের বেশি কার্তুজ উদ্ধার হয়। এত কার্তুজ কেন বাড়িতে এনে রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন ওঠে। এই কার্তুজ কোন আগ্নেয়াস্ত্রে ব্যবহার করা হত এবং সেই আগ্নেয়াস্ত্র কোথায় রয়েছে, প্রশ্ন ওঠে তা নিয়েও।