Abhishek Banerjee Sebaashray: 'সেবাশ্রয় ওঁর ব্যক্তিগত কর্মসূচি', অভিষেকের পাশে দাঁড়াল না 'কালীঘাট তৃণমূল'? | Tmc spokesperson kunal ghosh distances tmc from abhishek banerjees sebaashray programme amid probe - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee Sebaashray: ‘সেবাশ্রয় ওঁর ব্যক্তিগত কর্মসূচি’, অভিষেকের পাশে দাঁড়াল না ‘কালীঘাট তৃণমূল’? | Tmc spokesperson kunal ghosh distances tmc from abhishek banerjees sebaashray programme amid probe

Spread the love

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচি নিয়ে কী বললেন কালীঘাট তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ?Image Credit: TV9 Bangla

কলকাতা: ভোটের আগে তাঁর এই উদ্যোগ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল। ‘কালীঘাট তৃণমূলের’ সেকেন্ড ইন্ড কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সেবাশ্রয় কর্মসূচি নিয়েই নানা অভিযোগ উঠছে। নড়েচড়ে বসেছে নতুন সরকারের স্বাস্থ্য দফতর। এবার কি অভিষেকের ওই কর্মসূচি নিয়ে ‘দূরত্ব’ বাড়াচ্ছে কালীঘাট তৃণমূলই? শুক্রবার সেই বার্তাই কি দিলেন কালীঘাট তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ? এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলে দিলেন, ওই কর্মসূচি দলের অফিসিয়াল প্রোগাম হলে তিনি কিছু বলতে পারতেন।

কী বললেন কুণাল ঘোষ?

সেবাশ্রয় নিয়ে নানা অভিযোগের প্রেক্ষিতে এদিন সাংবাদিক বৈঠকে কালীঘাট তৃণমূলের মুখপাত্র কুণাল বলেন, “সেবাশ্রয় সম্পর্কে আমি বলতে পারব না। সেবাশ্রয় সম্পর্কে আমার কোনও কালেই কোনও ধারণা নেই। ওটা পার্টির অফিসিয়াল প্রোগ্রাম বলেও আমি জানি না। কোনও সাংসদ, বিধায়ক বা কেউ মানুষের সেবা করার জন্য ব্যক্তিগত উদ্যোগে মানুষের সেবা করার জন্য প্রোজেক্ট নিতেই পারেন। সেটা তাঁরা বলতে পারবেন।”

এরপর দলের সাংসদদের ওই কর্মসূচি নিয়ে কটাক্ষের সুরে কুণাল বলেন, “সেবাশ্রয়ের কোনও দিকটাই জানি না। ব্যাপারটার সঙ্গে আমি পরিচিত নই। এটা দলের কোনও অফিসিয়াল প্রোগ্রাম হলে, তাও আমি খোঁজ নিয়ে বলার চেষ্টা করতাম। এটা কোনও সাংসদ তাঁর এলাকায় মানুষকে কিছু সাহায্য করার জন্য কিছু প্রোগ্রাম করে থাকলে তাঁরাই বলতে পারবেন। আমি বলতে পারব না। বিশেষজ্ঞরা ওটার দায়িত্বে ছিলেন। আমাদের মতো সাধারণ শ্রমজীবী লোক তো দায়িত্বে ছিল না। ফলে বিশেষজ্ঞরাই বলতে পারবেন।”

২০২৫ সালের জানুয়ারিতে প্রথম সেবাশ্রয় কর্মসূচি শুরু করেন অভিষেক। নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারজুড়ে এই কর্মসূচি চলে আড়াই মাস ধরে। এরপর ২০২৫ সালের ডিসেম্বরে সেবাশ্রয় শিবির ফের করা হয়। এবার ডায়মন্ড হারবারের পাশাপাশি নন্দীগ্রামেও সেবাশ্রয় শিবির করা হয়। বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে সেবাশ্রয় শিবির নিয়ে কাটাছেঁড়া শুরু হয়। রাজনৈতিক ফায়দা লুটতেই নন্দীগ্রামে ওই শিবির করা হয়েছে কি না, সেই প্রশ্ন ওঠে।

রাজ্যে পালাবদলের পর সেবাশ্রয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। এই নিয়ে অভিযোগ দায়ের করে বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। হোমিওপ্যাথি চিকিৎসকদের দিয়ে অ্যালোপ্যাথিক চিকিৎসা করানো হয়েছে বলেও অভিযোগ। এছাড়াও দাবি, চিকিৎসক পড়ুয়াদের এনে চিকিৎসা করানো হয়েছে। সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত থাকা এক চিকিৎসক দাবি করেন, তদন্ত করলে অনেক কিছু বেরিয়ে আসবে। ৫ থেকে ১০ শতাংশ এমবিবিএস চিকিৎসক ছিলেন। ৯০ শতাংশই হোমিওপ্যাথি বা আয়ুর্বেদ চিকিৎসককে দিয়ে চিকিৎসা করানো হত। অনিয়ম ও অভিযোগের প্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দফতর পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট তলব করেছে। এবার কুণাল স্পষ্ট করে দিলেন, ওই কর্মসূচি একজন সাংসদদের ব্যক্তিগত উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *