Abhishek Banerjee: কণ্ঠস্বরের নমুনা মামলায় ফের চাপে অভিষেক, আবেদনই শুনলেন বিচারপতি সৌগত | Abhishek Banerjee Faces Setback as Calcutta High Court Rejects Urgent Hearing Plea in Voice Sample Case
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়Image Credit: Tv9 Bangla
কলকাতা: কণ্ঠস্বরের নমুনা মামলায় ফের চাপে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আবেদন করেছিলেন। কিন্তু, তা খারিজ করে দিলেন বিচারপতি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মঙ্গলবারের আগে কোনও আবেদনই তিনি শুনবেন না। এদিকে, বুধবারই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত।
অভিষেকের ডিজে মন্তব্য
ছাব্বিশে ভোটের প্রচারে গিয়ে ডিজে বাজানোর হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। তিনি বলেছিলেন, “চার তারিখ বারটার পরে কোন জল্লাদের কত ক্ষমতা। কার দিল্লির বাবা তাঁকে বাঁচাতে আসে আমি দেখব। আর চার তারিখ… মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হন স্টিয়ারিং আমার হাতে থাকবে। DJ তো বাজবেই, আর এমন জোরে বাজবে কান ঝালাপালা করে দেব।” অভিষেকের এই মন্তব্য নিয়ে মামলা হয়। তদন্তে নেমে আধিকারিকরা অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে চান। তদন্তকারী আধিকারিকদের এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতে যান অভিষেক। বিচারপতি কৌশিক চন্দ মামলা দায়ের করার অনুমতি দেন। কিন্তু শুনানি হয়নি। মামলাটি পরে ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।
তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি
কন্ঠস্বরের নমুনার কি কোনও প্রয়োজন আছে? এই বিষয়ে আদালতে সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় ও অয়ন ভট্টাচার্য। সেইসময় বিচারপতি তীর্থঙ্কর একটি উল্লেখযোগ্য মন্তব্য করেছিলেন। বিচারপতির প্রশ্ন তুলেছিলেন, তদন্তকারী আধিকারিক যদি মনে করেন ভয়েস স্যাম্পেল দরকার, তাহলে আদালত কি না বলতে পারে? বিচারপতির জানতে চান, “মামলাকারী কি প্রশ্ন করতে পারেন স্যাম্পেলের প্রয়োজনীয়তা নিয়ে। তদন্ত যতক্ষণ চলছে, ততক্ষণ আদালত হস্তক্ষেপ করতে পারে না। অর্থাৎ, নমুনা পরীক্ষায় কোনও হস্তক্ষেপই করেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একইসঙ্গে তিনি এই মামলাও ছেড়ে দেন। ডিজে মামলা যেহেতু বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে বিচারাধীন রয়েছে, তাই মামলা থেকে সরে দাঁড়ান তিনি।
সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানি
অভিষেকের কন্ঠস্বর নমুনা সংক্রান্ত মামলা যায় সৌগত ভট্টাচার্যের এজলাসে। সেখানেই আজ অভিষেকের আইনজীবীরা দ্রুত শুনানির আবেদন করেন। কিন্তু সেই আর্জি খারিজ করে দেন বিচারপতি। সৌগত ভট্টাচার্য জানান, মঙ্গলবারের আগে কোনও আবেদনই শুনবেন না। পুনরায় মঙ্গলবার আবেদনের কথা জানিয়েছেন। তারপরে শুনানি নিয়ে বিবেচনা করা হবে।