এবার বাংলা সিরিয়ালেও হাসপাতালের ভয়ঙ্কর দুর্নীতি! রুখে দেওয়ার গল্প 'তিলোত্তমা'র | Tilottama star jalsha serial sushmitade medical thriller promo - 24 Ghanta Bangla News
Home

এবার বাংলা সিরিয়ালেও হাসপাতালের ভয়ঙ্কর দুর্নীতি! রুখে দেওয়ার গল্প ‘তিলোত্তমা’র | Tilottama star jalsha serial sushmitade medical thriller promo

Spread the love

চারদিকে আলোর রোশনাই, সানাইয়ের সুর। লাল বেনারসি আর রাজকীয় সাজে বিয়ের মণ্ডপে অপেক্ষায় বর আলেখ্য। কিন্তু লগ্ন শুরু হলেও দেখা নেই কনের! ঠিক তখনই জানা গেল, বিয়ের মণ্ডপ ছেড়ে কনের সাজেই হাসপাতালে ছুটে গিয়েছেন তিনি। বেনারসি ছেড়ে গলায় উঠেছে স্টেথোস্কোপ, পরনে ডাক্তারের ইউনিফর্ম। তাঁর একটাই দৃঢ় প্রতিজ্ঞা— “গরিবদের জন্য কেনা পেসমেকার আমি লাখ লাখ টাকায় বিক্রি করতে দেব না।” চিকিৎসা ক্ষেত্রের এমনই এক কর্পোরেট দুর্নীতি ফাঁস করতে গিয়ে নিজের বিয়ের রাতেই প্রাণ হারাতে হবে সেই সাহসী ডাক্তারকে।

এমনই এক টানটান এবং ধামেকেদার প্রোমো নিয়ে স্টার জলসায় হাজির ব্লুজ প্রোডাকশনসের নতুন মেগা ধারাবাহিক ‘তিলোত্তমা’। মুখ্য ভূমিকায় কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা। বিপরীতে রয়েছেন নবাগত অভিনেতা সৌম্যদীপ দত্ত। পর্দায় নায়িকার এমন জাঁদরেল অবতার দেখে ইতিমধ্যেই থ নেটপাড়া।

এই ধারাবাহিকে ডবল রোলে বা দ্বৈত চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা। গল্প অনুযায়ী, তাঁরা দুই যমজ বোন। চিকিৎসা ক্ষেত্রের অন্ধকার দিক উন্মোচন করতে গিয়ে দিদি খুন হওয়ার পর, সেই মৃত্যুর প্রতিশোধ নিতে গল্পে এন্ট্রি হবে ‘তিলোত্তমা মুখার্জি’র। সেই লড়াকু চরিত্রেও দেখা যাবে সুস্মিতাকেই। প্রোমোতে সুস্মিতাকে রীতিমতো দুড়ন্ত অ্যাকশন করতে দেখা গিয়েছে। তাঁর মুখে প্রযোজক-পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর লেখা চেনা সংলাপ— “কবি বলেছিলেন, কলকাতা কল্লোলিনী তিলোত্তমা হবে। কিন্তু তিলোত্তমারা আজ ভালো নেই। এবার তাদের ভালো রাখতে আসছি আমি, তিলোত্তমা মুখার্জি।”

বর্তমানে স্টার জলসায় ‘পরশুরাম আজকের নায়ক’ এবং ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-র মতো দুটি সফল মেগা চালাচ্ছেন স্নেহাশিস চক্রবর্তী। এটি তাঁর তিন নম্বর প্রজেক্ট। এই মেগায় ভাস্বর চট্টোপাধ্যায়, অনন্যা বিশ্বাসের মতো ব্লুজ-এর পরিচিত মুখদেরও দেখা যাবে। তবে ধারাবাহিকটি ঠিক কোন সময়ে বা কোন স্লটে সম্প্রচারিত হবে, তা এখনও স্পষ্ট করা হয়নি।

ধারাবাহিকের নাম ‘তিলোত্তমা’ এবং গল্পের প্রেক্ষাপটও লেডি ডাক্তারকে কেন্দ্র করে হওয়ায় স্বাভাবিকভাবেই নেটপাড়ায় গুঞ্জন শুরু হয়েছে— তবে কি কলকাতার বুকে ঘটে যাওয়া আর জি করের সেই নৃশংস ‘তিলোত্তমা কাণ্ড’-এর ছায়া রয়েছে এই গল্পে? এই প্রশ্নের উত্তরে জল্পনা উড়িয়ে Tv9Bangla-কে খোদ সুস্মিতা জানান, “তিলোত্তমা কাণ্ডের সঙ্গে এই ধারাবাহিকের কোনও মিল নেই। নতুন ধারাবাহিক যেরকম হয়, নতুন গল্প নিয়ে, সেটাই হচ্ছে। তিলোত্তমা কাণ্ডের সঙ্গে গল্পের যোগ রয়েছে তাও নয়। তবে এটা একটা মেডিক্যাল থ্রিলার। এখানে একজন ডাক্তার দুর্নীতির জট খুলতে চেয়েই বিপদে পড়ে যায়। তারপর কী হয়, তাই নিয়ে গল্প। মূলত যমজ বোনের গল্প এটি।”

কেরিয়ারে প্রথমবার ডবল রোলে অভিনয় করা নিয়ে বেশ এক্সাইটেড অভিনেত্রী। সুস্মিতার কথায়, “দ্বৈত চরিত্র করতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। স্নেহাশিস চক্রবর্তীর তত্ত্বাবধানে ধারাবাহিক করব, স্টার জলসায় আবার কামব্যাক করছি, সব কিছুর জন্যই আনন্দ আর টেনশন একসঙ্গে হচ্ছে। ধারাবাহিকে ভরপুর অ্যাকশন থাকবে। তার পাশাপাশি ব‍্যালে ডান্স ফর্মও রয়েছে। সেটার জন্য আলাদা করে শিখতে হচ্ছে, নিয়মিত প্র্যাকটিস করতে হচ্ছে।”

বিয়ের রাতে খুন হওয়া ডাক্তারের রহস্য এবং যমজ বোনের সেই খুনের প্রতিশোধ— সব মিলিয়ে স্টার জলসার এই নতুন ‘মেডিক্যাল থ্রিলার’ যে বাংলা টেলিভিশনের পর্দায় এক বড় ধামাকা হতে চলেছে, তা প্রোমোতেই পরিষ্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *