West Bengal-Bangladesh: অনুপ্রবেশ ইস্যু আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে দারুণ উপহার দিল বাংলাদেশ | Amid Infiltrator Push Back Step, Bangladesh’s Tarique Rahman Govt Sends 100 kgs Mangos to West Bengal CM Suvendu Adhikari
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কী উপহার দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান?Image Credit: PTI
কলকাতা ও ঢাকা: এপার বাংলা আর ওপার বাংলা কি ফের সুসম্পর্কের সুতোয় বাঁধবে? দুই পড়শি দেশের সম্পর্ক উন্নতি করতে এবার উদ্যোগ নিল বাংলাদেশ (Bangladesh)। তারেক রহমানের (Tarique Rahman) সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (WB CM Suvendu Adhikari) জন্য পাঠাল বড় উপহার।
বুধবারই কলকাতায় এসে পৌঁছল ১০০ কেজি আম। ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত, বেনাপোল সীমান্ত পার করে মঙ্গলবারই এসে পৌঁছেছিল এই আম। প্রথমে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসে আসে। বুধবার তা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এসে পৌঁছল।
বাংলাদেশের বিএনপি সরকারের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ যেখানে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর উদ্য়োগ নেওয়া হয়েছে। সীমান্তে প্রচুর ভিড় হয়েছিল বাংলাদেশিদের। তা নিয়ে বাংলাদেশের কড়া প্রতিক্রিয়াও মিলেছিল। সেখানে বাংলাদেশ সরকার নতুন করে রাজ্যের সঙ্গে সু-সম্পর্কের সেতু গড়তে চাইছে।
প্রসঙ্গত, ভারত-বাংলাদেশের মধ্যে আম বিনিময় দীর্ঘদিনের প্রথা। দুই দেশের কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হয়ে উঠেছে এই আম বিনিময়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রতি বছর ইলিশ ও আম পাঠাতেন ভারতের প্রধানমন্ত্রীকে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাঠাতেন আম ও ইলিশ। রাজ্য ও ভারত সরকারের তরফেও পাঠানো হত আম।
হাসিনা সরকারের পতনের পরও বাংলাদেশ সেই রীতি বন্ধ করেনি। ইউনূস সরকারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের আম পাঠিয়েছিলেন। এবার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই রীতি ধরে রেখে আম পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য।