Admission Test: এবার শুধু প্রবেশিকা নয়, উচ্চ মাধ্যমিকের রেজাল্টেরও প্রয়োজন ডাক্তারি-ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাডমিশনে | Not Only Entrance Marks, Board Exam May Also Get 50 Percent Weightage in JEE NEET Admission
নয়া দিল্লি: শিক্ষা ব্যবস্থায় আসছে বড় বদল। এবার নিট (NEET), জেইই (JEE)-র মতো কোর্সে শুধু প্রবেশিকা পরীক্ষায় (Entrance) প্রাপ্ত নম্বরই নয়, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাওয়া নম্বরেরও ৫০ শতাংশ গুরুত্ব (50 Percent Weightage) দেওয়া হতে পারে। সূত্রের খবর এমনটাই। একটি মাত্র পরীক্ষার উপর অতিরিক্ত নির্ভরতা কমাতেই এই প্রস্তাব বিবেচনা করা হচ্ছে।
সহজভাবে বলতে গেলে, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা (NEET, JEE) হোক বা বোর্ড পরীক্ষা- কোনও একটি নম্বরকে একমাত্র নির্ধারক না রেখে, প্রবেশিকা ও বোর্ড পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া পরিচালনার ভাবনা করা হচ্ছে।
বড় বড় পরীক্ষাগুলিতে একাধিক ব্যবস্থাপনায় গলদ, প্রশ্নপত্র ফাঁসের পরই দেশের পরীক্ষা ব্যবস্থা বা সিস্টেম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এরপরই এই সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা।
সূত্রের খবর, “কোনও কোর্সে ভর্তিতে বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৫০ শতাংশও গুরুত্ব দেওয়ার চিন্তা করা হচ্ছে, যাতে স্কুলের পাঠক্রমও প্রবেশিকা পরীক্ষার অংশ হয়। প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে কোচিং সেন্টার, একাধিকবার প্রচেষ্টার উপরে নির্ভরশীলতা কমাতে এবং কম্পিউটার ভিত্তিক পরীক্ষার দিকে ধীরে ধীরে স্থানান্তরিত হওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।”
বর্তমানে মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি প্রবেশিকা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে হয়। প্রার্থীদের বোর্ড পরীক্ষায় ন্যূনতম একটি শতাংশ নম্বর পেতে হয়, প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য।
গত বছর শিক্ষা মন্ত্রকের নয় সদস্যের কমিটি তৈরি করা হয়েছিল পড়ুয়াদের কোচিং সেন্টারের উপরে নির্ভরশীলতা কতটা, তা পরীক্ষা করার জন্য এবং এই ধরনের পরীক্ষায় যাতে স্বচ্ছতা বজায় থাকে, তা নিশ্চিত করতে।
জানা গিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই প্য়ানেল কেন্দ্রীয় সরকারের কাছে চূড়ান্ত রিপোর্ট জমা করতে পারে। এই কমিটি প্রবেশিকা পরীক্ষাকে স্কুলের সিলেবাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতেও সুপারিশ করেছে।