‘বিশ্বকাপে ফ্রান্সকে আটকাতে পারে একমাত্র এই দল…’, বড় ঘোষণা ইংল্যান্ডের প্রাক্তনীর - 24 Ghanta Bangla News
Home

‘বিশ্বকাপে ফ্রান্সকে আটকাতে পারে একমাত্র এই দল…’, বড় ঘোষণা ইংল্যান্ডের প্রাক্তনীর

Spread the love

স্ট্রাইকার হিসেবে আগুনে ফর্মে কিলিয়ান এমবাপে। দুই উইংয়ে গতির ঝড় তুলছেন ওউসমানে দেম্বেলে ও ব্র্যাডি বার্কোলা। নাম্বার ১০ হিসেবে মাঠে ফুল ফোটাচ্ছেন মাইকেল ওলিসে। চলতি বিশ্বকাপে সবচেয়ে বিপজ্জনক আক্রমণ ফ্রান্সের, সেটা মেনে নিতে দ্বিধা বোধ করছেন না কেউই। আর দুরন্ত ছন্দেও রয়েছে দিদিয়ের দেশঁর দল। বিপক্ষে যে দলই পড়ুক, তাদের সহজেই হারিয়ে দেবে ফ্রান্স– এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এই ফ্রান্সকে আটকাবে কে? ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার গ্যারি নেভিলের মতে ক্ষমতা রয়েছে একটাই দলের। লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্তিনাই পারে ফ্রান্সকে আটকাতে, এমনটাই জানালেন তিনি। কেন এমন ভাবছেন?

বিশ্বকাপে ফ্রান্সকে আটকাতে পারে কোন দল?

এক আলোচনায় গ্যারি নেভিল বলেন, ‘আমার মতে এই মুহূর্তে আর্জেন্তিনাই ফ্রান্সকে থামাতে পারে। ওদের মানসিকতা, লড়াই করার ক্ষমতা, অভিজ্ঞতা এবং দলগত ঐক্যই সবচেয়ে বড় শক্তি। আমার মনে হয়, একমাত্র ওরাই ফ্রান্সের সামনে দাঁড়াতে পারবে। তবে কী ভাবে ফ্রান্সকে থামাবে, সেটা বলা কঠিন। ফ্রান্সের হয়ে ম্যাচ শুরু করা চারজন ফরোয়ার্ড এমবাপে, দেম্বেলে, ওলিসে এবং বার্কোলার মোকাবিলা করা বিশ্বকাপের প্রতিটি ডিফেন্ডারের কাছে দুঃস্বপ্ন।’

দুরন্ত ছন্দে ফ্রান্স

এ বারের বিশ্বকাপে এখনও পর্যন্ত প্রতিটি ম্যাচই দাপটের সঙ্গে জিতেছে ফ্রান্স। গ্রুপ পর্বে তারা ৩-১ গোলে সেনেগালকে, ৩-০ গোলে ইরাককে এবং ৪-১ গোলে নরওয়েকে হারায়। এর পরে শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দেয় দিদিয়ের দেশঁর দল। এ বার শেষ ১৬-তে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। সেই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে মরক্কো এবং সেমি ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।

ফ্রান্সের আক্রমণ বনাম আর্জেন্তিনার রক্ষণ

তবে এ বারের বিশ্বকাপে রক্ষণে দুর্দান্ত আর্জেন্তিনা। এখনও পর্যন্ত কলম্বিয়া ও স্পেন (০) ছাড়া সবচেয়ে কম গোল (১) হজম করেছে লিওনেল স্কালোনির দল। এ ছাড়া প্রতি ৯০ মিনিটে ট্যাকলের নিরিখে প্যারাগুয়ের পরেই রয়েছে আর্জেন্তিনা। অন্য দিকে আক্রমণে সবার থেকে অনেক এগিয়ে ফ্রান্স।

টুর্নামেন্টে সর্বাধিক ১৩টি গোল করেছে তারা। এর মধ্যে অধিনায়ক এমবাপে করেছেন ৬টি গোল, দেম্বেলে ৪টি, বার্কোলা দুটো এবং দেসিরে দুয়ে একটি। এ ছাড়া নাম্বার ১০ হিসেবে খেলা মাইকেল ওলিসে ইতিমধ্যেই ৫টি অ্যাসিস্ট করেছেন, যা চলতি বিশ্বকাপে সর্বাধিক।

গত কয়েকটি বিশ্বকাপে ফ্রান্স ও আর্জেন্তিনার লড়াই ফুটবলবিশ্বের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। ২০১৮ বিশ্বকাপের শেষ ১৬-তে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। এর পরে ২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালে আবার মুখোমুখি হয়েছিল দুই দল। ৩-৩ গোলে রুদ্ধশ্বাস ড্রয়ের পর টাইব্রেকারে জিতে বিশ্বকাপ জেতে লিওনেল মেসির আর্জেন্তিনা। এ বারও ফাইনালে মুখোমুখি হতে পারে দুই দল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *