গ্রেপ্তার বেলডাঙার তৃণমূল নেতা, কাটমানি থেকে তোলাবাজি, রয়েছে অভিযোগের পাহাড়
বেলডাঙা থানার দেবকুণ্ডু উত্তরপাড়ার বাসিন্দা পেশায় ঠিকাদার নাজির হোসেন লিখিত অভিযোগ করেন মোজারুল শেখের বিরুদ্ধে। বকেয়া বিলের টাকা পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের কাটমানি নেওয়ার অভিযোগ হয়েছে মোজারুলের নামে। ওই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে তোলাবাজি ও আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের একাংশের দাবি, মোজারুল বেলডাঙা পুরসভার কোনও পদে ছিলেন না। তা সত্ত্বেও বেলডাঙার প্রাক্তন বিধায়ক ও তৃণমূলের নেতা হাসানুজ্জামান শেখের প্রতিনিধি বলে পরিচয় দিয়ে তিনি প্রভাব খাটাতেন বলে অভিযোগ। তৃণমূল পরিচালিত বেলডাঙার পুরপ্রধান অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনও ব্যাপারে আলোচনা করার প্রয়োজন হলেও তাঁর ঘরে ঢোকা যেত না বলে অভিযোগ।