‘কোচ, প্লেয়াররা জানত’, বিতর্কিত VAR সিদ্ধান্তে জার্মানির স্বপ্নভঙ্গের ব্যাখ্যা FIFA-র
বিতর্কিত সিদ্ধান্তের ব্যাখ্যায় FIFA
জার্মানিতে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়লেও ফিফার রেফারিং প্রধান পিয়েরলুইজি কলিনা (Pierluigi Collina) স্পষ্ট জানিয়েছেন, রেফারির সিদ্ধান্ত নিয়ম মেনেই নেওয়া হয়েছে। কলিনার দাবি, ‘শুধু জায়গায় দাঁড়িয়ে থাকলেই ফাউল হয় না। কিন্তু যদি কোনও খেলোয়াড় বলের জন্য না গিয়ে ইচ্ছে করে প্রতিপক্ষের পথ আটকে দেয় এবং তাঁকে খেলতে বাধা দেয়, তা হলে সেটি ফাউল ধরা হবে। এমন পরিস্থিতিতে প্রয়োজন হলে ভিএআরও হস্তক্ষেপ করবে।’ বিশেষ করে গোলরক্ষককে গোল রক্ষা করার সুযোগ থেকে বঞ্চিত করার মতো পরিস্থিতিতে কঠোর হওয়ার নির্দেশ আগে থেকেই দেওয়া হয়েছিল বলে জানান তিনি। কলিনার দাবি, কোচ ও খেলোয়াড়দেরও এই নিয়ম সম্পর্কে আগেই অবহিত করা হয়েছিল।
ক্ষোভে ফেটে পড়লেন থমাস মুলার
ফিফার ব্যাখ্যা জার্মান শিবিরের ক্ষোভ কমাতে পারেনি। বরং ম্যাচের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জার্মান কিংবদন্তি থমাস মুলার (Thomas Muller)। তিনি বলেন, ‘সত্যি বলতে, এখন আর বুঝতে পারছি না ভিএআর আসলে কী দেখছে। আমি যত বার রিপ্লে দেখেছি, তত বারই মনে হয়েছে জার্মানি একেবারে বৈধ গোল করেছিল। আমার তো মনে হয়, এই ঘটনায় মাঠের সবচেয়ে ভাগ্যবান মানুষ ছিল প্যারাগুয়ের গোলরক্ষক।’ মুলারের মতে, রেফারিরা এমন একটি ফাউল খুঁজে বের করেছেন, যা বাস্তবে ছিলই না।
তিনি বলেন, ‘আমরা নিজেদের প্রতারিত মনে করছি। এটা ভুল সিদ্ধান্ত। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে দিনের আলোয় ডাকাতির মতো ঘটনা। যদি এটাকে ফাউল ধরা হয়, তা হলে পুরো টুর্নামেন্টে এর চেয়ে অনেক কঠিন চ্যালেঞ্জ কী ভাবে অনুমতি পেল?’