Minor allegedly Physically Assaulted: কলকাতায় ১৬ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২ | Kolkata: Two Arrested for Alleged physical Assault and Blackmail of Minor Girl
কলকাতা: খাস কলকাতায় নৃশংস ঘটনায়। ১৬ বছরের কিশোরীকে দিনের পর দিন যৌন নিগ্রহের অভিযোগ। অভিযুক্ত দুই যুবক। এমনকি, যৌন নিগ্রহের সময় ছবিও তুলে রাখে অভিযুক্তরা। মুখ খুললে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করার হুমকি দেয়। শেষপর্যন্ত কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে রাজাবাগান থানা। কিশোরীর শারীরিক পরীক্ষা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ওই কিশোরীর বন্ধু। এই বছরের মার্চে কিশোরীকে তার বাড়িতে অভিযুক্তরা যৌন নির্যাতন করে বলে অভিযোগ। পরে অন্য জায়গায় নিয়ে গিয়ে ফের যৌন নির্যাতন করা হয়। শুধু যৌন নির্যাতন করা হয়, কিশোরীর অজান্তে ছবিও তুলে রাখে অভিযুক্তরা। কিশোরীকে তারা ভয় দেখায়, ঘটনার কথা বললে ফল ভালো হবে না। সোশ্যাল মিডিয়ায় কিশোরীর অশ্লীল ছবি ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়।
ভয়ে প্রথমে কিশোরী কাউকে কিছু বলতে পারেনি। এতদিন পর বাড়িতে ঘটনার কথা জানায় সে। তারপরই কিশোরীর বাবা দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তারপরই তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে অভিযুক্তদের তাদের বাড়ির সামনে থেকে পুলিশ গ্রেফতার করে। ধৃতদের বাড়ি নাদিয়ালে।
পুলিশ জানিয়েছে, কিশোরীকে সেফ হোমে রাখার ব্যবস্থা করা হচ্ছে। আর ধৃতদের আলিপুর পকসো আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চায় পুলিশ। ধৃতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে পুলিশ জানিয়েছে। বর্তমান সরকারও ক্ষমতায় আসার পরই স্পষ্ট করে দিয়েছে, নারী সুরক্ষার ক্ষেত্রে কোনও আপোস করা হবে না। মহিলাদের সুরক্ষায় সবরকম পদক্ষেপ করা হবে। নারী নির্যাতনের অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও বার্তা দিয়েছে রাজ্য সরকার।