Durand Cup 2026, Abhishek Banerjee: একই গ্ৰুপে মোহন-ইস্ট, ডুরান্ড কাপে জায়গাই হল না অভিষেক বন্দোপাধ্যায়ের দলের! | 35th Durand Cup to Kick Off on July 25; Mohun Bagan, East Bengal Share Group
কলকাতা : ১৩৫তম ডুরান্ড কাপ শুরু হতে আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই ডুরান্ড কাপ (Durand Cup) আয়োজক কমিটি এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়া মোট ২৪টি দলের নাম ও ৫টি আয়োজক শহরের নাম ঘোষণা করেছে। আবার একই গ্ৰুপে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC) ও মোহনবাগান (Mohunbagan Supergiant)। মোট ছটি স্টেডিয়ামে হবে ডুরান্ডের ম্যাচ। কিন্তু এবার ডুরান্ডে সুযোগই পেল না ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। গতবারের রানার্স ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banderjee) দল ডায়মন্ড হারবার। এবার তারা অংশগ্রহণ করছে না ডুরান্ড কাপে।
আগামী ২৫ জুলাই কলকাতাতে শুরু হবে উদ্বোধনী ম্যাচ। এরপর প্রায় এক মাস ধরে কলকাতা, রাঁচি, শিলং, গুয়াহাটি, ইম্ফলে হবে ডুরান্ড কাপ। ২৩ অগাস্ট কলকাতার যুবভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। এবারেও বেশ কিছু সেনার দল, নতুন ফুটবল ক্লাব ও বিদেশী ক্লাব নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে ডুরান্ড কাপ। ২০১৯ সাল থেকেই কলকাতাকে ডুরান্ড কাপের প্রধান কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে। এবারেও শহরে হবে দুটি গ্ৰুপের ম্যাচ। উদ্বোধনী ম্যাচ, দুটি কোয়ার্টার ফাইনাল, একটি সেমিফাইনাল ও ফাইনালও হবে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে। সব ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার দুটি মাঠে – যুবভারতী স্টেডিয়াম ও কিশোরভারতী স্টেডিয়াম। ২৫ জুলাই থেকে ২৩ অগাস্ট অবধি চলবে ডুরান্ড কাপ।
গ্রুপ এ-তে আছে মোহনবাগান সুপারজায়েন্ট, ইস্টবেঙ্গল এফসি, সাউথ ইউনাইটেড ও সিআইএসএফ ফুটবল টিম। মোহনবাগান ১৭ বার ডুরান্ড চ্যাম্পিয়ন ও ১৬ বার চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল এফসি। কলকাতার গ্রুপ বি-তে আছে বাঘপত এফসি, ইন্ডিয়ান নেভি, মহামেডান স্পোর্টিং ও সমলেশ্বরী স্পোর্টিং। এই বছর প্রথমবার ডুরান্ড কাপে নামতে চলেছে আই লিগ ৩ চ্যাম্পিয়ন বাঘপত এফসি ও ওড়িশার সম্বলপুরের আই লিগ ৩ এর দল সমলেশ্বরী স্পোর্টিং। কিন্তু এবার ডুরান্ড কাপে সুযোগ পায়নি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ডায়মন্ড হারবার এফসি।
এই প্রথমবারের মত রাঁচিতে ডুরান্ড কাপ খেলা হবে। রাঁচির বিরসা মুন্ডা স্টেডিয়ামে লিগ পর্বের ম্যাচ হবে এখানে। এমনকি একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচও পাচ্ছে রাঁচি। রাঁচিতে খেলবে জামশেদপুর এফসি, ইন্ডিয়ান এয়ার ফোর্স ফুটবল টিম, স্পোর্টিং দিল্লি ও শ্রীলঙ্কার সেনা দল ডিফেন্ডার্স এফসি। ডিফেন্ডার্স এই প্রথমবার ডুরান্ড কাপে অংশ নিচ্ছে।
ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়ামেও খেলা হবে। সেই গ্রুপে রয়েছে স্থানীয় দুই দল নেরোকা এফসি, ট্রাউ এফসি, ইন্ডিয়ান নেভি ফুটবল টিম। এর পাশাপাশই অংশ নেবে এফসি রেংদাই, যারা গত মরশুমে আই লিগ ৩-এ রানার্স হয়েছিল। সব মিলিয়ে, আপাতত ডুরান্ড নিয়েই ভারতের ফুটবলের মরশুমের উত্তেজনা ফিরতে চলেছে।