Alia Bhatt payment: ‘আলফা’র জন্য কোটি কোটি টাকা নিয়েছেন আলিয়া! বাকি তারকাদের সঙ্গে ফারাক জানলে চমকে যাবেন | Alia Bhatt Charges Rs 25 Crore For Alpha, Sharvari Getting Just Rs 3 Crore?
আগামী ৩ জুলাই বড় পর্দায় অ্যাকশনের ঝড় তুলতে আসছে যশরাজ ফিল্মসের বহু প্রতীক্ষিত স্পাই থ্রিলার ‘আলফা’। আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘ অভিনীত এই ছবি ঘিরে দর্শকমহলে উন্মাদনা এখন তুঙ্গে। তবে রিলিজের ঠিক আগেই নেটপাড়ায় চর্চার কেন্দ্রে চলে এসেছে এই ছবির স্টার কাস্টদের পারিশ্রমিকের অঙ্ক। জানা গিয়েছে, ছবির দুই প্রধান অভিনেত্রীর পারিশ্রমিকের মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ‘আলফা’র জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক পকেটে পুরেছেন আলিয়া ভাট। ছবিতে এক দুর্ধর্ষ সুপার-এজেন্টের চরিত্রে অভিনয় করার জন্য তিনি নাকি এক ধাক্কায় ২৫ কোটি টাকা চার্জ করেছেন। বলিউডের প্রথম সারির তারকা হিসেবে আলিয়ার এই বিপুল অঙ্ক পাওয়া অবাক করার মতো না হলেও, নেটিজেনদের চোখ কপালে উঠেছে সহ-অভিনেত্রী শর্বরী ওয়াঘের পারিশ্রমিক দেখে।
রিপোর্ট বলছে, এই অ্যাকশন প্যাকড ছবির জন্য শর্বরী পেয়েছেন মাত্র ৩ কোটি টাকা। অর্থাৎ আলিয়ার তুলনায় শর্বরীর পারিশ্রমিক প্রায় আট গুণ কম, যা নিয়ে বিনোদন দুনিয়ায় ইতিমধ্যেই বৈষম্যের বিতর্ক মাথাচাড়া দিয়েছে। শুধু আলিয়া বা শর্বরীই নন, ছবির বাকি কাস্টদের পারিশ্রমিকের খতিয়ানও বেশ চমকপ্রদ। ‘অ্যানিম্যাল’ ছবির ব্লকবাস্টার সাফল্যের পর এই ছবিতে খলনায়কের চরিত্রের জন্য ববি দেওল নিয়েছেন ৬ কোটি টাকা। অন্যদিকে, বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুরও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য ববির সমপরিমাণ, অর্থাৎ ৬ কোটি টাকাই পারিশ্রমিক পেয়েছেন বলে খবর। এছাড়া ছবিতে হৃতিক রোশনকে ‘মেজর কবির’ হিসেবে একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে, তবে তাঁর পারিশ্রমিক ঠিক কত, তা এখনও আড়ালেই রাখা হয়েছে। চলতি মাসের শুরুতে মুক্তি পাওয়া ‘আলফা’র টিজারটি দারুণ সাড়া ফেলেছিল। টিজারের শুরুতে দেখা যায়, আলিয়া এবং ববি দেওলের একটি দৃশ্য, যেখানে ববি আলিয়াকে তাঁর ১৮তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি রুম নম্বরের কার্ড ধরিয়ে দিচ্ছেন।
এই দৃশ্যটি ইঙ্গিত দেয় যে, ববির চরিত্রটি দীর্ঘ সময় ধরে আলিয়াকে একজন মারাত্মক স্পাই হিসেবে গড়ে তোলার প্রশিক্ষণ দিয়েছে। ‘এক থা টাইগার’, ‘ওয়ার’ এবং ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির পর ওয়াইআরএফ (YRF) তাদের স্পাই ইউনিভার্সে এই প্রথম কোনও মহিলা-প্রধান ছবি নিয়ে আসছে। এখন দেখার, বক্স অফিসে এই ছবি কতটা সফল হয় এবং আলিয়ার ২৫ কোটির ম্যাজিক বক্স অফিসে কেমন খেলা দেখায়।