শুটিং ফ্লোর থেকে সোজা হাসপাতাল, আচমকা অসুস্থ জনপ্রিয় কোরিওগ্রাফার বস্কো | Bosco martis hospitalized sudden illness shooting floor
টানা কাজের ধকল সামলাতে পারলেন না বলিউডের নামী নৃত্য পরিচালক বস্কো লেসলি মার্টিস। আচমকাই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
সূত্রের খবর, গত এক সপ্তাহ ধরে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকদের একটি দল তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। জানা গিয়েছে, গত ২৭ জুন একটি ছবির শুটিং চলাকালীনই প্রথম অস্বস্তি বোধ করেন বস্কো। কোনও ঝুঁকি না নিয়ে সে সময়ই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হলেও রিপোর্টে বড় কোনও জটিলতা মেলেনি। তবে সম্পূর্ণ নিশ্চিত হতে আরও কিছু পরীক্ষা করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর।
সব ঠিকঠাক থাকলে আগামী দু-এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন এই তারকা কোরিওগ্রাফার। ঘনিষ্ঠ মহলের দাবি, বেশ কিছুদিন ধরেই একের পর এক ছবির কাজে দম ফেলার ফুরসত ছিল না তাঁর। সেই ক্লান্তির জেরেই শরীর বিগড়ে যায়। তবে স্বস্তির খবর এটাই যে, তিনি চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। যদিও বস্কো বা তাঁর পরিবারের তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এরই মধ্যে হাসপাতালের বেডে শুয়ে থাকা বস্কোর একটি ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রিয় তারকাকে এই অবস্থায় দেখে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। নেটপাড়ায় ইতিমধ্যেই তাঁর দ্রুত আরোগ্য কামনার ঢল নেমেছে। বলিউডের সহকর্মী অভিনেতা, পরিচালক ও কোরিওগ্রাফাররাও তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছেন।
প্রসঙ্গত, সিজার গনসালভেসের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘ সময় ধরে বলিউডকে একাদিক সুপারহিট নাচ উপহার দিয়েছেন বস্কো। শাহরুখ খান, হৃতিক রোশন, সলমন খান থেকে শুরু করে রণবীর কাপুর বা রণবীর সিং— বলিউডের প্রথম সারির প্রায় সব মহাতারকাই নেচেছেন তাঁর ইশারায়। জুটির পাশাপাশি একক কোরিওগ্রাফার হিসেবেও ইন্ডাস্ট্রিতে নিজের শক্তিশালী জমি তৈরি করেছেন তিনি।
গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও বস্কোর পেশাগত রসায়ন দীর্ঘদিনের। সম্প্রতি এস এস রাজামৌলীর পরিচালনায় মহেশ বাবু ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘বারাণসী’ ছবির শুটিং সেট থেকেও বস্কোর একটি ছবি সামনে এসেছিল, যা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। সেই দারুণ ছন্দের মাঝেই আচমকা তাঁর এই অসুস্থতার খবরে কিছুটা মন খারাপ বলিপাড়ার।