কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে টানাপোড়েন, ফের কোর্টে তলব অভিষেককে
কলকাতা: ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলাটি বর্তমানে কলকাতা হাইকোর্টে বিচারাধীন। উচ্চ আদালতে এই প্রক্রিয়ার ওপর কোনো স্থগিতাদেশ…

কলকাতা: ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলাটি বর্তমানে কলকাতা হাইকোর্টে বিচারাধীন। উচ্চ আদালতে এই প্রক্রিয়ার ওপর কোনো স্থগিতাদেশ না আসায়, বিধাননগর আদালত আগামী ৮ জুলাই সকাল ১০টার মধ্যে অভিষেককে সশরীরে হাজির হয়ে কণ্ঠস্বরের নমুনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই মর্মে ডায়মন্ড হারবারের সাংসদকে নোটিসও পাঠানো হয়েছে বলে আদালত সূত্রে খবর। (Abhishek Banerjee Voice Sample Case)
নিচের আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা এই মামলার দ্রুত শুনানির জন্য বুধবার সকালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দপ্তরে চিঠি পাঠিয়েছেন অভিষেকের আইনজীবীরা। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলাটি প্রধান বিচারপতির দপ্তরে ফেরত পাঠিয়েছিলেন। আইনজীবীদের আশা, দ্রুত নতুন বেঞ্চ গঠিত হলে এই মামলার শুনানি সম্ভব হবে। হাইকোর্টে শুনানি বাকি থাকায় বিধাননগর আদালত নমুনা সংগ্রহের দিন ধার্য করেছে ৮ জুলাই।
মামলার প্রেক্ষাপট
গত ৪ মে ভোট পরবর্তী সময়ে ডিজে বাজানোর মন্তব্যের পরিপ্রেক্ষিতে অভিষেকের বিরুদ্ধে বাগুইআটি থানা ও বিধাননগর সাইবার ক্রাইম থানায় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ দায়ের হয়। তদন্তভার নেয় সিআইডি। সিআইডি এই মামলার তদন্তের স্বার্থে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে বিধাননগর আদালতে আবেদন জানায়। গত ২৩ জুন আদালত সেই আবেদনে সম্মতি দিয়ে ৩০ জুন অভিষেকের নমুনা সংগ্রহের দিন ধার্য করেছিল। যদিও সেই দিন অভিষেক হাজিরা দেননি।
আইনি জটিলতা
তদন্তকারী সংস্থা সিআইডি সূত্রে দাবি করা হয়েছে, এই মামলায় মূল অভিযুক্তের কণ্ঠস্বর যাচাই করা প্রয়োজন। অন্যদিকে, অভিষেকের আইনি দলের দাবি, নিম্ন আদালতের এই নির্দেশ যথাযথ নয় এবং তাঁরা উচ্চ আদালতে আইনি প্রতিকারের পথ বেছে নিয়েছেন। এখন হাইকোর্ট এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক ও আইনি মহল। ৮ জুলাইয়ের মধ্যে যদি হাইকোর্ট থেকে কোনো নতুন নির্দেশ না আসে, তবে নির্ধারিত দিনেই বিধাননগর আদালতে তাঁকে হাজিরা দিতে হতে পারে।
