'ঋতুপর্ণ মিথ্যে বলেছিল,অনুপম খের টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে চেয়েছিলেন!', কী ঘটেছিল রীতা কয়রালের সঙ্গে? | Rituparno ghosh lied anupam kher offered money rita koiral bariwali dubbing controversy - 24 Ghanta Bangla News
Home

‘ঋতুপর্ণ মিথ্যে বলেছিল,অনুপম খের টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে চেয়েছিলেন!’, কী ঘটেছিল রীতা কয়রালের সঙ্গে? | Rituparno ghosh lied anupam kher offered money rita koiral bariwali dubbing controversy

Spread the love

রুপোলি পর্দার ফ্ল্যাশলাইটের আড়ালে যে কতটা অন্ধকার,ষড়যন্ত্র ও ক্ষমতার আস্ফালন লুকিয়ে থাকতে পারে, তা হয়তো নিজেই অনুভব করেছিলেন একসময়ের বাংলার ডাকসাইটে অভিনেত্রী রীতা কয়রাল। যাঁকে মূলত বাঙালি, সিনেমার পর্দার খলনায়িকা হিসেবেই বারংবার দেখেছেন। ‘জননী’, ‘মৌচাক’, ‘অসুখ’ বা ‘দত্ত ভার্সেস দত্ত’-র মতো জনপ্রিয় সিনেমা, ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। তবে শুধুই ক্য়ামেরার সামনে অভিনয় নয়, যখনই মুম্বই থেকে তারকারা বাংলা সিনেমায় এসে অভিনয় করতেন, তখন এই রীতাই কণ্ঠ দিতেন তাঁদের। হ্যাঁ, ফিল্মি ভাষায় যাঁকে ডাবিং বলে। কিন্ত রীতা কি ভেবেছিলেন, এমনই এক বলিউডের নামজাদা অভিনেত্রীকে কণ্ঠ দেওয়ার কারণে কেরিয়ার শেষ করে দেওয়ার মতো হুমকির মুখে পড়তে হবে? তিনি কি ভেবেছিলেন বলিউডের প্রথম সারির অভিনেতা অনুপম খের, সত্যকে ঢাকাচাপা দেওয়ার জন্য বিশাল অঙ্কের টাকা অফার করবেন? আন্দাজও করতে পারেননি রীতা। কিন্তু ঘটেছিল ঠিক এরকমই। আর এসব আগে থেকেই জানতেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। তিনিও হাত মিলিয়ে ছিলেন সেই ষড়যন্ত্রে। আজ ঋতুপর্ণ ঘোষও নেই। রীতা কয়রালকেও হারিয়েছে বাঙালি। তবে সম্প্রতি কলকাতা ঘুরে গিয়েছেন অনুপম খের।

কী ঘটেছিল রীতা কয়রালের সঙ্গে?

সালটা ২০০০। ঘটনার সূত্রপাত ঋতুপর্ণ ঘোষের জনপ্রিয় ছবি ‘বাড়িওয়ালি’ নিয়েই। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন কিরণ খের। যিনি অনুপম খেরের স্ত্রীও। ছবি মুক্তির পর নির্মাতাদের তরফে দাবি করা হয়, কিরণ খের নাকি দিনরাত এক করে বাংলা শিখে নিজেই নিজের ডাবিং করেছেন! কিন্তু ছবি প্রেক্ষাগৃহে আসতেই বাঙালি দর্শকের কানকে ফাঁকি দেওয়া যায়নি। পর্দার ‘বনলতা’র মুখে যে কণ্ঠস্বর ভেসে আসছিল, তা যে কিরণের নয়, অন্য কারও তা বুঝতে সেই সময় ভুল করেননি ফিল্ম সমালোচকরা। অনেকে তো প্রায় ধরেই ফেলেছিলেন, যে এই কণ্ঠ কিরণের নয়, রীতা কয়রালের। তবুও নিশ্চিত হওয়া যায়নি, কেননা, খোদ রীতাই মুখে কুলুপ এঁটেছিলেন। কেননা, সত্যকে গোপন রাখার নির্দেশ পেয়েছিলেন খোদ ‘বাড়িওয়ালি’ পরিচালক ঋতুপর্ণর কাছ থেকে। তবে রীতাকে নির্দেশই শুধু দেননি। রীতার কণ্ঠই যে ছবিতে কিরণের কণ্ঠ, তা প্রকাশ্যে অস্বীকারও করেছিলেন ঋতুপর্ণ। কিন্তু কথায় আছে, সত্যকে চেপে রাখা যায় না। মাটি ফুঁড়ে তা বের হবেই। তেমনই ঘটল।

জাতীয় পুরস্কারের দোরগোড়ায় যখন ছবিটি পৌঁছয়, তখন তৈরি হয় এক চরম নাটকীয় পরিস্থিতি। নিয়ম অনুযায়ী, কোনও চরিত্রের ডাবিং যদি অন্য কেউ করেন, তবে অভিনয়ের পুরস্কারের পাশাপাশি সেই ডাবিং শিল্পীও সমানভাবে পুরস্কৃত হন। জুরি বোর্ডের অন্যতম সদস্য, বিখ্যাত পরিচালক গৌতম ঘোষ বিষয়টি কিরণের গলায়, রীতার কণ্ঠ টের পেয়ে সরাসরি ফোন করেন রীতাকে। জাতীয় পুরস্কারের কথা বলতেই, আর সত্য গোপন করতে চাননি রীতা, তিনি স্বীকার করেন যে কিরণ খেরের সম্পূর্ণ ডাবিংটি তিনিই করেছিলেন। এই সত্য সামনেই প্রকাশ্যে আসাই যেন কাল হল রীতার জন্য।

‘বাড়িওয়ালি’ ছবির অন্যতম প্রযোজক ছিলেন অনুপম খের। নিজের স্ত্রীর একক কৃতিত্ব ও পুরস্কার নিশ্চিত করতে তখন আসরে নামেন খোদ অনপম। রীতা কয়রালকে মুখ বন্ধ রাখার জন্য সরাসরি ফোন করেন।

ফোনে রীতাকে ঠিক কী বলেছিলেন অনুপম?

বহু বছর আগে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় একটি শোয়ে মনের ঝাঁপি খুলেছিলেন রীতা। আর সেখানেই জানিয়েছিলেন সেদিন ফোনে অনুপমের সঙ্গে তাঁর ঠিক কী কী কথা হয়। রীতা বলেন, অনুপমের ফোন পেয়ে তো আমি আপ্লুত। ভেবেছিলাম, জাতীয় পুরস্কার নিয়ে কিছু বলবেন। কিন্তু অনুপম আমাকে বললেন, যে পারিশ্রমিক আপনি ডাবিং করে পেয়েছিলেন, তার চেয়ে অনেক বেশি টাকা দেব। প্রকাশ্যে ডাবিংয়ের ব্যাপারটি অস্বীকার করুন। যদি ব্যাপারটি ফাঁস করেন তাহলে কোনওদিন মুম্বইয়ে কাজ পেতে দেব না। বাংলায় যাতে কাজ না পান, সেটাও নিশ্চিত করব!”

তবে সেদিন টাকা আর এমন হুমকির সামনে রীতা মাথা নত করেননি। সেই বছর জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রীর সম্মান কিরণ খের পেলেও, পর্দার আড়াল থেকে বেরিয়ে এসেছিল সেই কঠিন বাস্তব। পরবর্তীকালে এই চরম অন্যায় ও বঞ্চনা নিয়ে আফসোস ও আক্ষেপ প্রকাশ করেছিলেন খোদ পরিচালক ঋতুপর্ণ ঘোষও। কিন্তু তাতে রীতা কয়রালের অন্তরের ক্ষততে মলম পরেনি। প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করার এই যন্ত্রণা বুকে নিয়েই ২০১৭ সালে না-ফেরার দেশে চলে যান রীতা। টলিপাড়ার অন্দরে আজও ঋতুপর্ণর বাড়িওয়ালি ছবির কথা উঠলে, কিরণের কণ্ঠে ফের জীবন ফিরে পায় রীতা ও সেই বিতর্ক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *