WhatsApp-এ চ্যাট করতে গেলে আর দিতে হবে না ফোন নম্বর, আসছে বড় পরিবর্তন | WhatsApp to Introduce Usernames, Users Can Chat Without Sharing Phone Numbers
নয়া দিল্লি: হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনতে চলেছে মেটা (Meta)। এবার থেকে চ্যাট করতে গেলে আর ফোন নম্বর দিতে হবে না। খুব শীঘ্রই জনপ্রিয় মেসেজিং অ্যাপে যুক্ত হতে চলেছে নতুন ফিচার। এই ফিচারের নাম ইউজ়ারনেম (WhatsApp Username)। ফিচার। এই ফিচার চালু হলে ফোন নম্বর শেয়ার না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত থাকবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে যোগাযোগের একমাত্র মাধ্যম হল মোবাইল নম্বর। ফলে যাঁর কাছে আপনার ফোন নম্বর রয়েছে, তিনি সহজেই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নতুন ফিচারের মাধ্যমে সেই ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে।
কোন কোন ক্ষেত্রে ফোন নম্বর গোপন থাকবে, দেখে নিন
- বড় কোনও গ্রুপে আপনাকে যোগ করা হলে, ফোন নম্বর
- প্রথমবার কোনও ব্যক্তিকে মেসেজ পাঠালে
- কোনও ব্যবসায়িক অ্যাকাউন্টে প্রথমবার যোগাযোগ করলে ফোন নম্বর গোপন থাকবে
আপনি চাইলে তবেই তা অন্যের সঙ্গে শেয়ার করতে পারবেন।
কীভাবে কাজ করবে Username?
প্রত্যেক ব্যবহারকারী ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে একটি ইউজারনেম বেছে নিতে পারবেন। অন্যরা সেই ইউজারনেম ব্যবহার করেই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তবে, এটি সোশ্যাল মিডিয়ার মতো সার্চযোগ্য ইউজারনেম হবে না। কেউ আপনাকে প্রথমবার যোগাযোগ করতে চাইলে আপনার সঠিক ইউজারনেম জানতে হবে।
এছাড়া ব্যবহারকারীরা একটি ‘ইউজ়ারনেম কি’ সেট করতে পারবেন। প্রথমবার কেউ ইউজ়ারনেম ব্যবহার করে যোগাযোগ করতে চাইলে এই ধরনে কি-এর প্রয়োজন হবে। নিরাপত্তার খাতিরে তা যে কোনও সময় পরিবর্তনও করা যাবে।
কীভাবে Username সেট করবেন?
হোয়াটসঅ্যাপের লেটেস্ট আপডেটে গিয়ে খুব সহজেই ইউজারনেম সেট করা যাবে। তার জন্য প্রথমে সেটিংসে যেতে হবে। তারপর অ্যাকাউন্ট বেছে নিন। এবার ইউজ়ারনেম অপশনে গিয়ে পছন্দের ইউজারনেম সেট করুন। যদি পছন্দের নাম না পাওয়া যায়, তাহলে হোয়াটসঅ্যাপ একটি ‘ইউজ়ারনেম জেনারেটর’-এর সাহায্যে বিকল্প নামের পরামর্শও দেবে।
ব্যবসায়ী ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ সুবিধা
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান, সংস্থা বা কনটেন্ট ক্রিয়েটর ইতিমধ্যেই ইনস্টাগ্রাম বা ফেসবুকে নির্দিষ্ট ইউজারনেম ব্যবহার করছেন, তাঁরা সেই একই ইউজারনেম হোয়াটসঅ্যাপেও দিতে পারবেন।
নিরাপত্তায় বিশেষ নজর
ভুয়ো পরিচয় বা প্রতারণা রুখতে কিছু নির্দিষ্ট ইউজারনেম সেভ করে রাখা হবে। বিশেষ করে জনপ্রিয় ব্যক্তি, সেলিব্রিটি, সরকারি সংস্থা বা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামে ইউজারনেম অন্য কেউ ব্যবহার করতে পারবেন না।
কবে চালু হবে?
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ধাপে ধাপে এই ফিচার চালু করা হবে।
- চলতি সপ্তাহ থেকেই ইউজারনেম সেভ করার সুযোগ শুরু হচ্ছে।
- মূল ফিচারটি চলতি বছরের শেষের দিকে চালু হবে।
- পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এই পরিষেবা পৌঁছে যাবে।
- যে দেশে ফিচারটি উপলব্ধ হবে, সেখানকার ব্যবহারকারীদের অ্যাপের মধ্যেই নোটিফিকেশন পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে।