SIR-এর বিরোধিতায় প্রধান বিচারপতিকে চিঠি বিরোধী জোট ইন্ডিয়ার, সই করল কংগ্রেস, আপ-সহ ২৩ দল
নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (SIR)-র বিরোধিতায় ফের সরব বিরোধী জোট ‘ইন্ডিয়া’। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে ২৩টি বিরোধী দল যৌথভাবে এই প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি চিঠি পাঠায়। একইসঙ্গে বিরোধী জোট এই প্রক্রিয়ায় বিচার বিভাগের নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছে। এই চিঠিতে উল্লেখযোগ্য ভাবে স্বাক্ষর করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং স্ট্যালিনের DMK। এ ছাড়াও সই করেছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সিপিএম, সমাজবাদী পার্টি, RJD-সহ অন্যান্য দল।
সূত্রের খবর, বিরোধী শিবিরের দাবি— SIR প্রক্রিয়া এমনভাবে পরিচালিত হওয়া উচিত যাতে কোনও বৈধ ভোটার ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এবং নাগরিকদের ভোটাধিকার ক্ষুণ্ণ না হয়। তাঁদের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপে যথাযথ স্বচ্ছতা, জবাবদিহি এবং পর্যাপ্ত আপিল ব্যবস্থার প্রয়োজন রয়েছে।
চিঠিতে সই করা দলগুলির মধ্যে বিরোধী জোটের একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল রয়েছে। যেমন- তামিলনাড়ুতে বিধানসভা ভোটের পরে বিজয়ের TVK-র সঙ্গে কংগ্রেস জোট বাঁধায় অসন্তুষ্ট স্ট্যালিন হাত শিবিরের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিল। এমনকী গত ৮ জুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ‘ইন্ডিয়া’-র বৈঠকে কোনও প্রতিনিধি পাঠায়নি তাঁরা। অন্যদিকে, আপ-এর সঙ্গে ২৪-এর লোকসভা ভোটের পর থেকেই কংগ্রেসের সঙ্গে তেমন সুমধুর সম্পর্ক নজরে পড়েনি রাজনৈতিক মহলের। সম্প্রতি বিরোধী জোটকে শক্তিশালী করতে এই দুই দলের সঙ্গে লাগাতার দূরত্ব মেটানোর চেষ্টা করেছে হাত শিবির বলে খবর। তার জেরেই অতীতে এই ইস্যুতে সরব হওয়া সব কটি বিরোধী দলও এ বার যৌথ অবস্থান নিয়েছে। তৃণমূলের তরফে এই চিঠিতে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সই রয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে নির্বাচন কমিশনের দাবি, SIR-এর উদ্দেশ্য ভোটার তালিকা আরও নির্ভুল করা। মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট বা অযোগ্য নাম বাদ দিয়ে প্রকৃত ভোটারদের তালিকা তৈরি করাই এই প্রক্রিয়ার লক্ষ্য। SIR-এ ঘরে ঘরে যাচাই, নথি মিলিয়ে দেখা এবং তথ্য সংশোধনের মতো ধাপ রয়েছে।
এ দিকে কংগ্রেস-সহ বিরোধী শিবিরের একাংশ জানিয়েছে, তারা নীতিগত ভাবে ভোটার তালিকা সংশোধনের বিরোধী নয়; তবে নির্বাচন কমিশনকে প্রক্রিয়া ও বাস্তবায়ন নিয়ে বিরোধীদের তোলা প্রশ্নগুলির উত্তর দিতে হবে।
এ দিনই কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স-এ পোস্ট করে জানান, ২২টি দলের স্বাক্ষর করা চিঠি প্রধান বিচারপতি সূর্য কান্তকে পাঠানো হয়েছে। তিনি লিখেছেন, ‘২০২৬ সালের ৮ জুন ইন্ডিয়া জোটের বৈঠকে ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন-সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে ভারতের প্রধান বিচারপতিকে একটি যৌথ চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই অনুযায়ী, বর্তমানে ২৩টি রাজনৈতিক দল এবং একজন স্বতন্ত্র সদস্যের স্বাক্ষরিত যৌথ চিঠি আজ ভারতের প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।
বিরোধী দলগুলি দৃঢ়ভাবে ‘SURE’-এর ভিত্তিতে ঐক্যবদ্ধ— যার অর্থ Solidarity (সংহতি), Unity (ঐক্য) এবং Resistance (প্রতিরোধ)।’ রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন রমেশের পোস্ট শেয়ার করে এক্স প্ল্যাটফর্মে জানান, আপ ও ডিএমকে-ও এই চিঠিতে সই করেছে।