Abhishek’s PA Sumit Roy: আরও বিপাকে অভিষেকের পিএ সুমিত রায়, আগাম জামিন মামলায় হস্তক্ষেপ করলেন না বিচারপতি | Abhishek’s PA Sumit Roy in further trouble; judge refuses to intervene in anticipatory bail plea
কলকাতা: আরও বিপাকে অভিষেকের পিএ সুমিত রায়। আগাম জামিনের মামলায় হস্তক্ষেপ করলেন না বিচারপতি শুভ্রা ঘোষ। রাজ্যকে মামলা সম্পর্কে অবগত করা হয়নি, তাই মামলা শুনতে পারবে না বেঞ্চ। ফলে রেগুলার বেঞ্চে হবে মামলা।
প্রসঙ্গত, সুমিত রায়ের যে মামলা চলছিল তা শুনছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কিন্তু তিনি না থাকায় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলাটি আসে দুপুর দু’টোর সময়। কিন্তু দেখা যায় মমালা সংক্রান্ত বেশ কিছু কপি নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। বেশ কিছু কপি নাকি খুঁজেই পাওয়া যায়নি। এদিকে সুমিত রায়ের আইনজীবী স্পষ্ট সওয়াল করেছিলেন তাঁর মক্কেলের আগাম জামিনের পক্ষেই। তিনি যদি পুলিশ কাছে যান সে ক্ষেত্রে পুলিশ যাতে তাঁর বিরুদ্ধে কঠোর কোনও পদক্ষেপ করতে না পারেন তা নিয়েও সওয়াল করেন।
যদিও এদিন কোনওরকম রক্ষাকবচই দেওয়া হয়নি কোর্টের তরফে। এখানেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করতে দেখা গিয়েছে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার। তাঁর স্পষ্ট কথা, যদি কেউ অন্তর্বর্তী রক্ষাকবজ না পান তাহলে পুলিশের হাত বাঁধা থাকে না। সোজা কথায়, পুলিশ যে কোনওভাবেই চুপচাপ বসে থাকবে না তা বলার অপেক্ষা রাখে না। সন্ধান পেলেই পেলেই সুমিতকে গ্রেফতার করতে কোনও বাধা থাকছে না।
প্রসঙ্গত, বেশ কয়েক সপ্তাহ ধরেই জোরকদমে চলছে সুমিতের খোঁজ। তাঁর বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ তুলে শালবনী থানায় দায়ের হয়েছে অভিযোগ। তাঁর ভিত্তিতেই খোঁজ চালাচ্ছে পুলিশ। অভিযোগ, যে ব্যক্তি অভিযোগ জানিয়েছিলেন তাঁকে জমি দেওয়ার কথা বলে ১০ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু জমি মেলেনি। শুধু ওই ব্যক্তি নয়, আরও একাধিক ব্যক্তি তাঁর খপ্পরে পড়েছিলেন বলে অভিযোগ।