যাত্রিবাহী EV-তে মজেছেন দেশবাসী, চলতি বছরেই বিক্রি পেরোবে তিন লক্ষ?
এই সময়: দেশে বৈদ্যুতিক যাত্রিবাহী গাড়ির (পিইভি) চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। কেন্দ্রের অনুকূল নীতি, পরিকাঠামোগত উন্নয়ন এবং পরিবেশবান্ধব যানবাহনের প্রতি ক্রেতাদের আগ্রহ বৃদ্ধির যে ধারা তৈরি হয়েছিল, তা এ বার বিক্রির পরিসংখ্যানেও স্পষ্ট হতে শুরু করেছে। সম্প্রতি তাদের এক রিপোর্টে এমনটাই জানিয়েছে গবেষণা সংস্থা ফ্রস্ট অ্যান্ড সুলিভান। সংস্থাটির পূর্বাভাস, চলতি বছরেই দেশে বৈদ্যুতিক যাত্রিবাহী গাড়ির বার্ষিক বিক্রি ৩ লক্ষের গণ্ডি অতিক্রম করতে পারে। গত বছরে যেখানে এই সংখ্যা দুই লক্ষের সামান্য নীচে ছিল, সেখানে মাত্র এক বছরের ব্যবধানে এক ধাক্কায় তা এতটা বেড়ে যাওয়া ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারের দ্রুত পরিবর্তনেরই ইঙ্গিতবাহী।