শুটিংয়ে চূড়ান্ত হেনস্থার শিকার ‘লাপতা লেডিজ’-খ্যাত অভিনেতা সত্যেন্দ্র, কী ঘটেছে? | Laapataa ladies actor satyendra soni alleged assault kidnapping attempt pushpendra singh
বকেয়া পারিশ্রমিক দাবি করায় প্রকাশ্য রাস্তায় এক অভিনেতার ওপর চড়াও হয়ে মারধর এবং জোরপূর্বক গাড়ি তুলে অপহরণের চেষ্টার মতো গুরুতর অভিযোগ উঠল এক পরিচালকের বিরুদ্ধে। ‘মির্জ়াপুর’ এবং ‘লাপতা লেডিজ়’ খ্যাত অভিনেতা সত্যেন্দ্র সোনী সমাজমাধ্যমে কান্নায় ভেঙে পড়ে নিজের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। পুষ্পেন্দ্র সিংহ পরিচালিত ও প্রযোজিত ‘পেড় পালকি’ ছবির শুটিং চলাকালীন মধ্যপ্রদেশে এই ঘটনাটি ঘটেছে। চাঞ্চল্যকর এই ঘটনার পর অভিনেতার পাশে দাঁড়িয়েছে ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’।
অভিনেতা সত্যেন্দ্র সোনীর দাবি, ‘পেড় পালকি’ ছবির শুটিং শুরুর আগে তাঁকে অগ্রিম বাবদ মাত্র ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। বাকি পারিশ্রমিক শুটিং চলাকালীন ধাপে ধাপে মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন নির্মাতারা। কিন্তু শুটিংয়ের সিংহভাগ শেষ হওয়ার পর তিনি যখন তাঁর চুক্তিমাফিক বকেয়া টাকা চান, তখনই তাঁর ওপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু হয়।
সোশাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে ঘটনার বর্ণনা দিতে গিয়ে সত্যেন্দ্র জানান, বকেয়া টাকা চাওয়ার জেরে ছবির পরিচালক পুষ্পেন্দ্র সিংহ এবং তাঁর স্ত্রী প্রগতি চৌহান তাঁর ওপর চড়াও হন। অভিনেতার ভাষায়, “আমি, সহ-অভিনেতা শ্রীধর দুবে এবং পঙ্কজ শর্মা রাস্তা দিয়ে হাঁটছিলাম। সেই সময় আচমকাই পরিচালক পুষ্পেন্দ্র সিংহ ও তাঁর স্ত্রী প্রগতি চৌহান গাড়ি নিয়ে আমাদের পিছু নেন। আমাকে দেখা মাত্রই তাঁরা মাঝরাস্তায় গাড়ি থামিয়ে আমার ওপর চড়াও হন এবং মারধর শুরু করেন।”
তিনি আরও যোগ করেন, “আমাকে বাঁচাতে সহ-অভিনেতা শ্রীধরদা (শ্রীধর দুবে) এগিয়ে এলে পরিচালক তাঁর গায়েও হাত তোলেন। এরপর সুযোগ বুঝে প্রগতি চৌহান আমাকে টেনে-হিঁচড়ে জোর করে গাড়ির পিছনের সিটে বসিয়ে দেন এবং আমার মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল, যেন আমাকে প্রকাশ্য দিবালোকে অপহরণ করা হচ্ছে।”
সত্যেন্দ্রর এই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে বিনোদন দুনিয়া। ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর তরফে এই ঘটনার তীব্র নিন্দা করে মধ্যপ্রদেশ সরকারের কাছে পরিচালক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দ্রুত এফআইআর (FIR) দায়ের করার দাবি জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “সত্যেন্দ্রর অভিযোগ অত্যন্ত গুরুতর। এই ঘটনাটি আরও একবার প্রমাণ করে যে, ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে শিল্পীদের ঠিক কতটা ‘সম্মান’ দেওয়া হয়! কোনও শিল্পীই এই ধরণের অমানবিক আচরণের যোগ্য নন। সত্যেন্দ্র সাহস করে এই ঘটনা সামনে এনে বাকি শিল্পীদের অসহায়তাকে তুলে ধরেছেন। আজকাল বিনোদন জগতে এমন ঘটনা প্রায়শই ঘটছে— শিল্পীদের ডেকে কাজ করিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু কাজ শেষে তাঁদের যোগ্য পারিশ্রমিকটুকু দেওয়া হচ্ছে না।”
মধ্যপ্রদেশের মাটিতে এমন হাড়হিম করা অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার পর আপাতত মুম্বইয়ে নিজের ডেরায় ফিরে এসেছেন অভিনেতা সত্যেন্দ্র সোনী। তবে অভিনেতার তোলা এই মারাত্মক মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ নিয়ে ‘পেড় পালকি’র পরিচালক পুষ্পেন্দ্র সিংহ বা ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি বা প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে এখন তোলপাড় বলিপাড়া।