Kunal Ghosh: এবার কুণাল ঘোষদের বিরুদ্ধে মামলা রুজু | Case filed against TMC MLA Kunal Ghosh Dola sen
কুণাল ঘোষ, বিধায়ক, বেলেঘাটাImage Credit: Tv9 Bangla
কলকাতা: চুনোপুঁটি থেকে বড় বড় সব নেতা। বাদ যাচ্ছে না কেউ। পালা বদলের পর গ্রেফতার হয়েছেন অনেকে। বহু তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এবার সেই তালিকায় নাম জুড়ল বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh), দোলা সেন ও বৈশ্বানর চট্টোপাধ্যায়ের।
কী অভিযোগ কুণালদের বিরুদ্ধে?
একুশে জুলাইয়ের শহিদ দিবসের জন্য রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে নিয়ে পৌঁছে যান কুণাল ঘোষরা। সাধারণত পুলিশের কাছে সভার অনুমতি পাওয়ার পরই সভাস্থল মাপজোকের কাজ শুরু হয়। কিন্তু এ ক্ষেত্রে আগেই দেখা গিয়েছিল কুণালরা সেখানে পৌঁছে যান। পুলিশের অনুমতি ছাড়া রাস্তা আটকে কেন এই মাপজোক? এরপর সোমবার ট্রাফিক পুলিশের অভিযোগের উপর মামলা রুজু হল এই তিনজনের (কুণাল-দোলা-বৈশ্বানর) বিরুদ্ধে। এদের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।
এ দিন, এই প্রসঙ্গ বিধানসভায় তোলেন শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, “অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন। আমায় বিরোধী দলনেতা থাকাকালীন ১০৪ বার হাইকোর্টে যেতে হয়েছে। আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ১৫ দিনের মধ্যে ওয়াই চ্যানেলে অনুমতি দিয়েছি।” এরপর কুণাল ঘোষের উদ্দেশ্যে বলেছিলেন, “তা বলে আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? মামার বাড়ির আবদার? কে অধিকার দিয়েছে? অনুমতি চাইবেন, কোথায় দেব বলে দেব।” এরপর অধিবেশন শেষ হতেই দেখা গেল কুণালের বিরুদ্ধে FIR দায়ের।
এবার একুশে জুলাই নিয়ে ঋতব্রত পন্থী তৃণমূল ও কালীঘাট তৃণমূলের মধ্যে লড়াই চলছে। এর মধ্যেই ভিক্টোরিয়া হাউসের সামনে পুলিশ অনুমতি দেওয়ার আগেই কুণালরা মাপজোক করতে চলে যান। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য, ঋতব্রত শিবিরের উপর স্নায়ুর চাপ তৈরি করতেই এই পদক্ষেপ কুণালের।