Abhishek Banerjee: আবারও ধাক্কা অভিষেকের বিদেশযাত্রায়, কেন বারবার খারিজ করে দিচ্ছে হাইকোর্ট? | TMC MP Abhishek Banerjee Faces Second Setback in Calcutta High Court Over Foreign Travel Plea for Eye Treatment
অভিষেকের বিদেশযাত্রা নিয়ে দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্টImage Credit: TV9 Bangla
কলকাতা: ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশযাত্রার অনুমতি চেয়ে আর্জির দ্রুত শুনানির আবেদন ফের খারিজ করল হাইকোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানালেন, অভিষেকের বিদেশযাত্রার আবেদনের শুনানি তালিকা মেনেই হবে। দ্রুত শুনানির প্রয়োজন নেই। এই নিয়ে দ্বিতীয়বার অভিষেকের আবেদন খারিজ হল।
চোখের চিকিৎসা করাতে এক সপ্তাহের জন্য বিদেশ যেতে চান অভিষেক। বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে গত ২৩ জুন হাইকোর্টের দ্বারস্থ হন ‘কালীঘাট তৃণমূলের’ সেকেন্ড ইন কম্যান্ড। পরদিনই বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে অভিষেকের আইনজীবী আর্জি জানান, তাঁর মক্কেলের আবেদনের যেন দ্রুত শুনানি করা হয়। ওইদিনই অভিষেকের আর্জি খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি জানিয়ে দেন, তালিকায় যত নম্বরে অভিষেকের মামলা রয়েছে, সেই অনুযায়ীই শুনানি হবে। দ্রুত শুনানি হবে না।
পাঁচদিন কাটতে না কাটতেই ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক। এদিন তাঁর আইনজীবী ফের আবেদন জানান, অভিষেকের আর্জির দ্রুত শুনানি করা হোক। এদিনও বিচারপতি সেই আবেদন খারিজ করে দিলেন। ফলে অভিষেকের বিদেশযাত্রার আবেদনের শুনানি তালিকা অনুযায়ীই হবে।
অভিষেককে কটাক্ষ শমীকের-
হাইকোর্টে অভিষেকের দ্রুত শুনানির আবেদন খারিজ হওয়া নিয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “কেউ ধাক্কা খেলেন নাকি কেউ সুইমিংপুলে ঝাঁপ দিলেন, এই নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের কি কোনও মাথাব্যথা রয়েছে? তাঁদের কোনও আগ্রহ রয়েছে? রবীন্দ্রনাথের থাকতে পারে। কারণ, ডিজের সঙ্গে তাঁর নিজের লেখা গান শুনতে কেমন লাগে, তার জন্য অপেক্ষা করছিলেন। এখন যত তাড়াতাড়ি দেশ ছেড়ে অন্য জায়গায় ডিজে বাজানো যায়, সেটার জন্য কেউ যদি চেষ্টা করে, তা নিয়ে রবীন্দ্রনাথ চিন্তিত হতে পারেন, পশ্চিমবঙ্গবাসী চিন্তিত নন।” প্রসঙ্গত, ভোটের প্রচারের অভিষেক বলেছিলেন, ৪ মে-র পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে-ও বাজবে। এদিন তা নিয়েই খোঁচা দিলেন শমীক। একইসঙ্গে তিনি বলেন, “চিকিৎসার জন্য যদি যেতে হয়, মানুষের অসুস্থতা নিয়ে কিছু বলার নেই। তবে ভারতের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রাখা ভালো।”
প্রসঙ্গত, চোখের চিকিৎসার জন্য এর আগেও একাধিকবার বিদেশ গিয়েছেন অভিষেক। ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছিল অভিষেকের গাড়ি। ওই দুর্ঘটনায় তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের বাঁ চোখের নিচে গুরুতর আঘাত লাগে এবং চোখের হাড় ভেঙে যায়। ওই দুর্ঘটনার পর থেকে চোখের সমস্যায় ভুগছেন অভিষেক। হায়দরাবাদ, দুবাই, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েও চিকিৎসা করিয়েছেন। একাধিকবার বাঁ চোখে অস্ত্রোপচার হয়েছে তাঁর।