ভারতকে হারানোই ভুল হলো? ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ আয়ারল্যান্ডের কোচের
রবিবার সন্ধেয় ইতিহাস গড়েছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। এই প্রথম ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় জিতেছে তারা। গড়ে ফেলেছে ইতিহাস। আর এই ঐতিহাসিক জয়ের ২৪ ঘণ্টার মধ্যে বড় চমক। পদত্যাগ করলেন আয়ারল্যান্ড ক্রিকেট টিমের হেড কোচ হেনরিখ মালান। চার বছরেরও বেশি সময় দায়িত্বে থেকে আয়ারল্যান্ডকে একাধিক সাফল্য এনে দিয়েছেন তিনি। বিশ্বকাপে যোগ্যতা অর্জন থেকে টেস্টে জয়, তাঁর কোচিংয়ে বিশ্বক্রিকেটে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে আয়ারল্যান্ড। হঠাৎ কেন সরে দাঁড়ালেন হেনরিখ মালান?
ভারতের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ় জিতে ইতিহাস গড়ে আয়ারল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিরুদ্ধে এটিই তাদের প্রথম সিরিজ় জয়। এই ঐতিহাসিক সাফল্যের পরেই মালান দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জানান, তিনি প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তাঁর সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি ছিল আয়ারল্যান্ড ক্রিকেট দলের। তবে মালানের বিশ্বাস, আগামী বছরের ODI বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য নতুন কোচের হাতে দায়িত্ব তুলে দেওয়ার এটাই সঠিক সময়। তাই পদত্যাগের পরে আবেগঘন বার্তা দিয়েছেন হেনরিখ মালান।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই ক্রিকেটারদের, কোচিং স্টাফদের এবং আয়ারল্যান্ডের ক্রিকেট পরিবারের সঙ্গে কাজ করা আমার কাছে সৌভাগ্যের বিষয়। আমি ও আমার পরিবার এখানে দারুণ সময় কাটিয়েছি। আইরিশ ক্রিকেটের সঙ্গে কাটানো এই সময় আমরা সবসময় মনে রাখব।’
তিনি আরও বলেন, ‘মাঠের সাফল্যের দিকে তাকালে গর্ব করার মতো অনেক কিছুই রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো, আবুধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়, বেলফাস্টে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ঘরের মাঠে টেস্ট জয়, ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ় জয়, এবং পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারানো— সবই বিশেষ স্মৃতি।’
মালানের কোচিংয়েই টানা তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেয় আয়ারল্যান্ড। তবে ভারতের বিরুদ্ধে সিরিজ় জয়ের পরেই মালানের এই সিদ্ধান্ত বড় চমক হিসেবে দেখছেন ক্রিকেটপ্রেমীরা।