তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল… | ‘Chor Chor’ Slogans Greet Barabani TMC Leader Asit Singh During Police Investigation
পরনে হাফপ্যান্ট আর গেঞ্জি। খালি পা। আর কোমরে বাঁধা দড়ি। বারাবনির একসময়ের ‘ত্রাস’ তথা দাপুটে তৃণমূল নেতা অসিত সিং ও তাঁর ভাইদের এই হাল দেখে শনিবার কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠল গৌরান্ডি এলাকা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে ও সভায় হামলার মামলার তদন্তে এদিন ধৃত অসিত সিং, তাঁর ভাই বিশ্বজিৎ সিং এবং সহযোগী আকবর আলমকে ঘটনাস্থলে নিয়ে আসে পুলিশ। পুলিশের দাবি, মামলার পুনর্নির্মাণের জন্যই তাঁদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু একসময়ের অত্যাচারী ও চোর হিসেবে পরিচিত এই নেতাদের দেখামাত্রই ফেটে পড়ে জনরোষ। মারমুখী জনতা ধৃতদের লক্ষ্য করে তীব্র ‘চোর চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি চটি ছুড়তে শুরু করে, এমনকি পুলিশের ঘেরাটোপ টপকে ধৃতদের দু-এক থাপ্পড়ও লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ব্যাপক পুলিশি নিরাপত্তায় পরিস্থিতি কোনওমতে নিয়ন্ত্রণে এনে ঘটনার পুনর্নির্মাণ সারে পুলিশ।