Ranbir-Katrina: 'রণবীর ডাকলে ওর কাছে ফিরে যেতে পারি...!' বেফাঁস ক্যাটরিনা | Katrina kaif ranbir kapoor old breakup interview vickey lalwani - 24 Ghanta Bangla News
Home

Ranbir-Katrina: ‘রণবীর ডাকলে ওর কাছে ফিরে যেতে পারি…!’ বেফাঁস ক্যাটরিনা | Katrina kaif ranbir kapoor old breakup interview vickey lalwani

Spread the love

২০০৯ সালে ‘অজব প্রেম কি গজব কাহানি’র সেট থেকে শুরু হয়েছিল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রেম। ২০১৬ সালে চূড়ান্ত বিচ্ছেদের আগে পর্যন্ত দীর্ঘ ৭ বছর অন-অফ মোডেই চলেছে বলিউডের এই হাই-প্রোফাইল রসায়ন। তবে ২০১০-এর দশকের শুরুর দিকে, যখন তাঁদের সম্পর্কে প্রথমবার বড়সড় ভাঙন ধরেছিল, তখন নাকি রণবীরের সঙ্গে জোড়া লাগাতে মরিয়া ছিলেন ক্যাটরিনা। এমনকি রণবীর রাজি থাকলে তিনি যে সব ভুলে আবার ফিরে যেতে প্রস্তুত—সে কথাও এক সাংবাদিকের কাছে অকপটে স্বীকার করেছিলেন অভিনেত্রী।

সম্প্রতি জনপ্রিয় সঞ্চালক সিদ্ধার্থ কান্নানের শো-তে এসে সেই বহু পুরনো ও অজানা অধ্যায় নিয়ে মুখ খুলেছেন প্রবীণ বিনোদন সাংবাদিক ভিকি লালওয়ানি। তিনি জানান, সেই সময় ক্যাটরিনা কাইফের একটি সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনি। আড্ডার মাঝেই ক্যাটরিনা প্রথমবার জানান যে তিনি আমির খান, অভিষেক বচ্চন ও উদয় চোপড়ার সঙ্গে ‘ধুম ৩’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

কেরিয়ারের এই মস্ত বড় খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সেদিন আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ক্যাটরিনা। রণবীর কাপুরের সঙ্গে নিজের প্রথম বিচ্ছেদ নিয়ে কথা বলতে গিয়ে তিনি ভিকি লালওয়ানিকে বলেছিলেন, “রণবীর যদি আমাকে ফিরে পেতে চায়, তবে আমি এখনও ওর কাছেই ফিরে যাব।”

ভিকি জানান, ক্যাটরিনার মুখে এই মন্তব্য শোনার পর তিনি কিছুটা অবাকই হয়েছিলেন। তিনি অভিনেত্রীকে জিজ্ঞেস করেছিলেন, এই খবরটি তিনি সংবাদমাধ্যমে প্রকাশ করতে পারেন কি না। ক্যাটরিনাও বিন্দুমাত্র দ্বিধা না করে হাসিমুখে সবুজ সংকেত দিয়ে দেন।

সাক্ষাৎকারে সেই সময়ের স্মৃতি রোমন্থন করতে গিয়ে সাংবাদিক ভিকি লালওয়ানি নিজের ব্যক্তিগত মতামতও শেয়ার করেন। তিনি বলেন, “রণবীরের প্রতি ক্যাটরিনার যে ভালোবাসা আমি দেখেছি, তেমনটা আর কারও মধ্যে দেখিনি।” তিনি আরও জানান, সেদিন ক্যাটরিনা এতটাই ফুরফুরে মেজাজে ছিলেন যে কথার মাঝেই রণবীর ও তাঁর সুপারহিট ছবি ‘অজব প্রেম কি গজব কাহানি’-র একটি দৃশ্য হুবহু অভিনয় করে দেখিয়েছিলেন।

অবশ্য এই সাক্ষাৎকারের পর ক্যাটরিনার সেই ইচ্ছা পূরণ হয়েছিল এবং রণবীর-ক্যাটরিনা আবার একসঙ্গে পথ চলা শুরু করেছিলেন। কিন্তু সেই জোড়াতাপ্পির সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০১৬ সালে চিরতরে ভেঙে যায় তাঁদের প্রেম। ২০১৭ সালে মুক্তি পাওয়া ফ্লপ ছবি ‘জগ্গা জাসুস’ ছিল রুপোলি পর্দায় এই জুটির শেষ কাজ।

সময়ের নিয়মে আজ দুজনেই জীবনে অনেকখানি এগিয়ে গিয়েছেন। ২০২১ সালের ডিসেম্বর মাসে অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করে ঘর বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে, ২০২২ সালের এপ্রিল মাসে আলিয়া ভাটের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন রণবীর কাপুর। বর্তমানে এক কন্যাসন্তানের বাবা-মা রণবীর ও আলিয়া। তবে অতীতের এই খতিয়ান নতুন করে সামনে আসায় স্বভাবতই বলিপাড়ায় ফের চর্চায় উঠে এলো ‘রাব-ক্যাট’-এর সেই পুরনো প্রেম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *