BJP MLA: খুনের হুমকি যুবকের, তবু ‘ক্ষমা’ করে দিলেন বিজেপি বিধায়ক, কেন জানেন! | After a youth was detained for issuing a death threat on social media, BJP MLA withdrew complain
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: TV 9 Bangla
বাঁকুড়া: বিধায়ককে সামাজিক মাধ্যমে খুনের হুমকি দিয়েছিলেন এক যুবক। বিধায়কের অভিযোগের ভিত্তিতে সেই যুবককে আটকও করেছিল পুলিশ। কিন্তু ওই যুবক আটক হতেই তাঁর পরিবারের সদস্যরা বিধায়কের কাছে কান্নায় ভেঙে পড়েন। তাতেই গলল বরফ। অবশেষে বিধায়কের অনুরোধে ছাড়া পেলেন অভিযুক্ত যুবক। ঘটনা বাঁকুড়ার।
গত ২১ জুন বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানের কিছু ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানা। সেই পোস্টেই বিধায়ককে খুনের হুমকি দিয়ে বসেছিলেন বাঁকুড়ার নতুনগ্রাম এলাকার যুবক সৌমেন মার্দ্রী নামের এক যুবক। বিষয়টি নিয়ে বাঁকুড়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান বিধায়ক নিলাদ্রী শেখর দানা। অভিযোগ পেয়ে তদন্তে নেমে অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ।
এদিকে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করতেই বিধায়কের কাছে কান্নায় ভেঙে পড়েন অভিযুক্ত যুবকের পরিবারের সদস্যরা। আর তাতেই গলল বরফ। অভিযোগ প্রত্যাহার করে ওই যুবককে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেন বিধায়ক নিলাদ্রী শেখর দানা। এরপরই পুলিশ ওই যুবককে ছেড়ে দেয়। বিধায়কের দাবি, ক্ষমা পরম ধর্ম। তিনি একাধিকবার মিথ্যা অভিযোগে গ্রেফতার হয়ে কারাবাস করেছেন। তাই কারাবাসের যন্ত্রণা তিনি ও তাঁর পরিবার জানে। তাই যুবক অপরাধ করলেও তার পরিবারকে যন্ত্রণা থেকে মুক্তি দিতেই তিনি এই পদক্ষেপ করেছেন। অফিসে বসিয়ে এখন বেশ কিছুক্ষণ ওই যুবককে পরিস্থিতি সম্পর্কে বোঝাতেও দেখা যায় বিধায়ককে। পরিবারের সামনেই যুবককে বলেন, “সোশ্যাল মিডিয়ায় এভাবে খুনের হুমকি দিলে তিন বছর জেল হয়ে যেতে পারতো। কারও ক্ষমতা ছিল না আটকানোর। তোর মায়ের দিকে তাকিয়ে, পাড়ার লোকেদের দিকে তাকিয়ে আমি ক্ষমা করলাম।”