সেই চেনা জলছবি, বৃষ্টিতে নাকাল শহর
এই সময়: দুপুরের বৃষ্টিতে বৃহস্পতিবার রাত পর্যন্ত জল জমে রইল কলকাতার বেশ কিছু রাস্তায়। টানা বৃষ্টি আর বজ্রপাতে এ দিন শহরের অনেক এলাকায় গাছও উপড়ে পড়ে। কিছু জায়গায় জল নামাতে হিমশিম খেতে হয় পুরসভার নিকাশি বিভাগের কর্মী ও আধিকারিকদের।
গভীর রাত পর্যন্ত পুরসভার কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রেখে জল সরানোর কাজের তদারকি করেন সংশ্লিষ্ট বিভাগের এক শীর্ষ আধিকারিক। তিনি বলেন, ‘কলকাতার সর্বত্র সমপরিমাণে বৃষ্টি না হলেও টানা বৃষ্টি হওয়াতেই দুর্ভোগ বেড়ে গিয়েছে।’ শুধু রাস্তা নয়, শহরের একাধিক হাসপাতালেও জমে এ দিন।
এ দিন বেহালা, তারাতলা, গার্ডেনরিচ, গল্ফ গার্ডেন্স, ঠনঠনিয়া, মহাত্মা গান্ধী রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, বিডন স্ট্রিট–সহ একাধিক রাস্তায় জল দাঁড়িয়ে যায়। গাছ পড়ার খবর মেলে বিজয়গড়, যাদপুর, ঢাকুরিয়ার মতো এলাকা থেকে। গভীর রাত পর্যন্ত চলে গাছ সরানোর কাজ।
কলকাতার একাধিক হাসপাতালে গ্রাউন্ড ফ্লোরের ওয়ার্ডে জল ঢুকে যায়। অনেক হাসপাতালে ওয়ার্ড ও ল্যাবরেটরিতেও জল ঢোকার খবর মেলে। পুরসভা বিভিন্ন রাস্তা ও হাসপাতালে পাম্প চালিয়ে জল সরানোর করার কাজ করে।
নিকাশি বিভাগের এক আধিকারিক জানান, শহরতলির অনেক এলাকায় পাম্প করে খালে জল ফেলা হলেও সেই জল আবার লোকালয়ে ঢুকে যায়। কারণ খালগুলি নাব্যতা হারিয়েছেয়। তাই সহজে জল সরতে চায় না।