ভেনেজ়ুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, মেডিক্যাল দলের সঙ্গে পোর্টেবল হাসপাতাল পাঠিয়ে দিল ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানান, সেনাবাহিনীর ‘৬০ প্যারা ফিল্ড হাসপাতাল’ থেকে ৮১ জন সদস্যের একটি মেডিক্যাল দল ভেনেজ়ুয়েলার উদ্দেশে রওনা দিয়েছে। তাঁদের মধ্যে যে ৯ জন মেডিক্যাল অফিসার রয়েছেন, তাঁরা জরুরি চিকিৎসা, ট্রমা কেয়ার এবং অস্ত্রোপচারে পারদর্শী। শুক্রবার ভারতের হিন্দন এয়ার ফোর্স স্টেশন থেকে দু’টি সি-১৭ গ্লোবমাস্টারে করে তাঁরা রওনা দিয়েছেন। দু’টি বিমানের একটিতে ‘ভীষ্ম কিউব’ পাঠানো হয়েছে। ‘আরোগ্য মৈত্রী’ প্রকল্পের অধীনে তৈরি এই অত্যাধুনিক ‘ভীষ্ম কিউব’ হলো এক ধরনের পোর্টেবল হাসপাতাল, যেখানে একসঙ্গে ২০০ জন রোগীর চিকিৎসা হতে পারে। তাতে রয়েছে পোর্টেবল ভেন্টিলেটর, পেশেন্ট মনিটর, ডায়াগনস্টিক ইকুইপমেন্ট (রোগ নির্ণয়ের যন্ত্রপাতি), অস্ত্রোপচারের সরঞ্জাম, নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা এবং অক্সিজেন সাপোর্ট সিস্টেম।