ড্রেন-ফুটপাত দখল করে পার্ক, ভাঙার নির্দেশে কড়া বার্তা পুর কমিশনারের - 24 Ghanta Bangla News
Home

ড্রেন-ফুটপাত দখল করে পার্ক, ভাঙার নির্দেশে কড়া বার্তা পুর কমিশনারের

Spread the love

শিলিগুড়িতে ড্রেন, ফুটপাত ও রাস্তা দখল করে তৈরি পার্ক ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন পুর কমিশনার। বেআইনি নির্মাণে জড়িতদের ভূমিকা খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে।

পারমিতা রায়, শিলিগুড়ি: সরকারি জমি ও জনপরিসর দখল করে নির্মাণের বিরুদ্ধে কড়া বার্তা দিল শিলিগুড়ি (Siliguri) পুরনিগম। শহরের ৪১ নম্বর ওয়ার্ডের রাম মন্দির রোড এলাকায় ড্রেন, ফুটপাত ও রাস্তার একাংশ দখল করে তৈরি হওয়া একটি পার্ক ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন পুর কমিশনার বীর বিক্রম রাই।

জানা গিয়েছে, প্রায় ১০ লক্ষ টাকা সরকারি ব্যয়ে নির্মিত ওই পার্কটি দীর্ঘদিন ধরেই এলাকায় ছিল। তবে সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুর কমিশনার দেখতে পান, পার্কটি ড্রেন, ফুটপাত এবং রাস্তার একাংশ দখল করে তৈরি করা হয়েছে। এরপরই তিনি নির্মাণের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

পরিদর্শনের সময় কমিশনার জানতে চান, কীভাবে জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত জায়গা দখল করে এই নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল এবং এর জন্য কোন কোন আধিকারিক বা সংশ্লিষ্ট ব্যক্তি দায়ী।

কমিশনারের নির্দেশের পরই পুরনিগমের কর্মীরা দ্রুত অভিযান চালিয়ে পার্কটি ভেঙে ফেলে। প্রশাসনের এই পদক্ষেপকে ঘিরে পুর মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুরনিগম সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে শহরের কোথাও ড্রেন, ফুটপাত বা রাস্তা দখল করে কোনও ধরনের নির্মাণ হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধেও তদন্ত করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

পুর কমিশনার স্পষ্ট জানিয়েছেন, নাগরিক পরিকাঠামো দখল করে কোনও নির্মাণই বরদাস্ত করা হবে না। জনস্বার্থ রক্ষা এবং শহরের পরিকল্পিত উন্নয়নের স্বার্থে এ ধরনের বেআইনি নির্মাণের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান চলবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *