‘ওকে সুযোগ দিতে অন্য কারও সঙ্গে অন্যায় নয়’, বৈভবের অভিষেক নিয়ে বার্তা ভারতের কোচের
ভারত ও আয়ারল্যান্ডের (Ireland) মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ২৬ জুন বেলফাস্টে (Belfast) অনুষ্ঠিত হতে চলেছে। সিরিজ় শুরুর আগে ভারতীয় শিবিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) নিয়ে। IPL-এ দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় দলে সুযোগ পাওয়া এই ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেক কবে হবে, তা জানার অপেক্ষায় রয়েছেন সমর্থকেরা। তবে ম্যাচের আগে ভারতীয় দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাকের মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, প্রথম টি-টোয়েন্টিতে বৈভবকে হয়তো মাঠে দেখা যাবে না। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য তাঁকে আরও কিছুটা অপেক্ষা করতে হতে পারে।
বৈভবকে নিয়ে স্পষ্ট বার্তা সিতাংশু কোটকের
ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বৈভব সূর্যবংশীকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন সিতাংশু কোটাক। তিনি জানান, বৈভব নিঃসন্দেহে ভবিষ্যতে সুযোগ পাবে। তবে শুধু একজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়ার জন্য এমন কোনও ব্যাটারকে দল থেকে বাদ দেওয়া হবে না, যিনি ধারাবাহিক ভাবে রান করে চলেছেন।
কোটাক বলেছেন, ‘যারা নিয়মিত ভালো খেলছে এবং দলের জন্য অবদান রাখছে, তাদের বাইরে রেখে অন্য কাউকে সুযোগ দেওয়া ঠিক হবে না।’ তাঁর এই মন্তব্য থেকেই অনেকের ধারণা, অন্তত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বৈভবের আন্তর্জাতিক অভিষেক হচ্ছে না। সেই ক্ষেত্রে ওপেনিংয়ে অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং সঞ্জু স্যামসনের (Sanju Samson) জুটিকেই দেখা যেতে পারে। দু’জনেই সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে রয়েছেন এবং দলের আস্থা অর্জন করেছেন।