উইকএন্ডেও রেহাই নেই! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অ্যালার্ট, ভাসবে উত্তরবঙ্গও
কলকাতা: বৃহস্পতিবার দুপুরের প্রবল দুর্যোগের রেশ কাটতে না কাটতেই ফের চোখ রাঙাচ্ছে আবহাওয়া। গতকালের প্রবল বৃষ্টিতে দিশেহারা অবস্থা হয়েছিল শহরের উত্তর থেকে দক্ষিণ৷ সর্বত্রই জলযন্ত্রণার…
কলকাতা: বৃহস্পতিবার দুপুরের প্রবল দুর্যোগের রেশ কাটতে না কাটতেই ফের চোখ রাঙাচ্ছে আবহাওয়া। গতকালের প্রবল বৃষ্টিতে দিশেহারা অবস্থা হয়েছিল শহরের উত্তর থেকে দক্ষিণ৷ সর্বত্রই জলযন্ত্রণার সাক্ষী হয়েছেন কলকাতাবাসী। বহু জায়গায় গাছ উপড়ে ব্যাহত হয়েছে যান চলাচল। রাতের দিকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও দুর্যোগ যে এখনই কাটছে না, তা স্পষ্ট করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার সকাল থেকেই শহরের আকাশ মেঘলা, সেই সঙ্গে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টির দাপট আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। (West Bengal Weather Update Heavy Rain Alert)
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তিলোত্তমায় আজ, শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
উইকএন্ড বা সপ্তাহান্তেও ঝড়বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না দক্ষিণবঙ্গবাসীর। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ওই দিন নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আগাম সতর্কতা জারি করা হয়েছে। আগামী সপ্তাহে সোম ও মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১ জুলাই পর্যন্ত উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে লাগাতার ভারী বৃষ্টি চলবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিন দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।