Mirzapur The Movie: ‘মির্জাপুর’ ছবিতে অভিনয় করে পঙ্কজ থেকে আলি ফজল কত টাকা পেলেন? | Mirzapur movie theatrical release date cast fees pankaj tripathi ali fazal
ওটিটি (OTT) দুনিয়া কাঁপানোর পর এবার বড় পর্দায় ঝড় তুলতে আসছে ‘মির্জাপুর’। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল এই বহুল চর্চিত ফ্র্যাঞ্চাইজির চলচ্চিত্র সংস্করণের মুক্তির তারিখ। আগামী ৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘মির্জাপুর’ ছবিটি। স্বভাবতই এই ঘোষণায় ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। ২০২৬ সালের অন্যতম মোস্ট অ্যাওয়েটেড বা বহু প্রতীক্ষিত এই ছবিটিকে ঘিরে ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক হাইপ তৈরি হয়েছে। চেনা পরিচিত বহু চরিত্রকে আবারও বড় পর্দায় একসঙ্গে দেখার জন্য দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
তবে শুধু মুক্তির তারিখই নয়, ছবিটিকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে এর তারকাদের পারিশ্রমিকের অঙ্ক সামনে আসায়। মির্জাপুরের অবিসংবাদিত ডন ‘কালীন ভাইয়া’ অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠী এই ছবির জন্য সবচেয়ে মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন বলে খবর। জানা গিয়েছে, ছবিতে নিজের ম্যাজিক ধরে রাখতে তিনি পারিশ্রমিক হিসেবে পকেটে পুরেছেন প্রায় ১৫ কোটি টাকা। অন্যদিকে, ‘গুড্ডু পন্ডিত’ চরিত্রের জনপ্রিয় অভিনেতা আলি ফজল এই ছবির জন্য নিয়েছেন ৪ কোটি টাকা। মির্জাপুর অনুরাগীদের অত্যন্ত প্রিয় এবং চর্চিত চরিত্র ‘মুন্না ভাইয়া’ খ্যাত দিব্যেন্দু শর্মা ছবির জন্য পেয়েছেন আনুমানিক ৩ কোটি টাকা।
পাশাপাশি, এই চলচ্চিত্রের হাত ধরে কাস্টিংয়েও এসেছে কিছু বড় চমক। অভিনেতা রবি কিষাণ এই ছবিতে অভিনয় করার জন্য প্রায় ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, ‘পঞ্চায়েত’ খ্যাত জনপ্রিয় অভিনেতা জিতেন্দ্র কুমার এই প্রজেক্টের জন্য পেয়েছেন প্রায় ১.৫ কোটি টাকা। এছাড়া গোলু গুপ্তা চরিত্রে নজর কাড়া অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী এই ছবির জন্য প্রায় ৯৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। সব মিলিয়ে, চেনা মেজাজের ভরপুর অ্যাকশন, ড্রামা আর তারকাদের এই বিশাল কামব্যাক আগামী ৪ সেপ্টেম্বর সিনেমা হলে কতটা ধামাকা তৈরি করে, এখন সেটাই দেখার।