১১,০০০ ভোল্টের বিদ্যুৎ খুঁটিতে চড়ে তারের ওপর শুয়ে পড়লেন যুবক, তার পর…
বিদ্যুতের খুঁটিতে চড়ে, তারের ওপর সটান শুয়ে পড়েন এক ব্যক্তি। যে তারের ওপর তিনি শুয়ে পড়েন তা ১১ হাজার কিলো ভোল্ট লাইন। ওই তারের ওপরেই নির্ভর করে এলাকার বিদ্যুৎ পরিষেবা। ওই তারের ওপরেই শুয়ে পড়েন ওই যুবক। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের ঘটনা। এই নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার লোকজন। তবে কোনও ক্ষতি হয়নি ওই ব্যক্তির। যখন তিনি সেখানে উঠে পড়েন সেই সময়ে ওই লাইনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল বলে জানিয়েছেন আধিকারিকরা।
বিদ্যুৎ দপ্তর এবং পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে মহারাজগঞ্জের পারসা খুর্দ (Parsa Khurd) গ্রামে। বিদ্যুতের ওই খুঁটিতে উঠে পড়েন দীন দয়াল নামে এক ব্যক্তি। এর পরেই ওই উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎবাহী তারে শুয়ে পড়েন তিনি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সেখানে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ওই ব্যক্তিকে সেখান থেকে নামতেও বলেন তাঁরা। তবে নামতে অস্বীকার করেন তিনি। এর পরেই খবর যায় যায় ভিটাউলি (Bhitauli) থানার পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কাছে। আধিকারিকরা এসে তাঁকে নামাতে যৌথভাবে পদক্ষেপ গ্রহণ করেন।
কয়েক ঘণ্টা ধরে গ্রামবাসী, পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা দীন দয়ালকে নিচে নেমে আসার জন্য অনুরোধ জানাতে থাকেন। শেষ পর্যন্ত তাঁদের প্রচেষ্টা সফল হয়। নিরাপদে খুঁটি থেকে নিচে নেমে আসেন ওই ব্যক্তি।
ওই সময়ের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
তবে বেঁচে গিয়েছেন দীন দয়াল। স্থানীয়দের মতে, ভাগ্যের জোরেই একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। জানা গিয়েছে, দীন দয়াল বিদ্যুতের খুঁটিতে ওঠার ঠিক কয়েক মিনিট আগেই ওই লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। গ্রামবাসীরা জানান, লাইনে বিদ্যুৎ সচল থাকলে এই দুঃসাহসিক কাজটি প্রাণঘাতী হতে পারত।
ভিটাউলি থানার আধিকারিক সত্যেন্দ্র কুমার রাই জানিয়েছেন, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। সেই অবস্থায় বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন তিনি। খরব পাওয়ার পরেই বিদ্যুৎ দপ্তরের আধিকারিককদের সঙ্গে যোগাযোগ করে পদক্ষেপ করা হয়। নিরাপদে নেমে আসার পরে তাঁকে তুলে দেওয়া পরিবারের সদস্যদের হাতে।