বেহাল শহরের রাস্তা, বাড়ছে দুর্ঘটনা
দিব্যেন্দু সরকার, আরামবাগ
আরামবাগ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের বেশ কয়েকটি রাস্তার হাল বেশ খারাপ প্রায় দেড় থেকে দু’বছর ধরে। তারই মাঝে লোকসভা এবং বিধানসভা ভোট অতিবাহিত। তাতেও রাস্তার কোনও কাজই হয়নি বলে অভিযোগ। দীর্ঘ দিন এবড়ো খেবড়ো রাস্তার কোথাও আবার ছোট-বড় পাথর পড়ে আছে।
যান চলাচলে সেই পাথর ছিটকে গিয়ে হয় দোকানের কাচ ভাঙছে, না হয় কারও গায়ে লেগে আঘাত লাগছে। এমন রাস্তায় ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। তবুও পুরসভার ঘুম ভাঙেনি। নিত্য পথযাত্রী থেকে শুরু করে পুরসভার বাসিন্দারা রাস্তার এই বেহাল দশায় নাজেহাল। শহরের রাস্তার হাল খারাপ হওয়ায়, ক্ষোভবাড়ছে দিনে দিনে।
এই সব রাস্তা দিয়ে প্রতি দিনই হাজার হাজার ছাত্রছাত্রী যাতায়াত করে। পাশাপাশি, গ্রামীণ এলাকা থেকে বহু মানুষ তাঁদের কাজে এই শহরে আসেন। কিন্তু রাস্তা খারাপ হওয়ায়, তাঁরাও বিপদে পড়ে যান অনেক সময়ে। অবিলম্বে পুরসভার মধ্যে যে যে রাস্তা একেবারেই খারাপ হয়ে পড়েছে, সেইগুলি দ্রুত মেরামতির দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।
যদিও পুরসভার বর্তমান চেয়ারম্যান সমীর ভাণ্ডারী বলেন, ‘এটা ঠিকই যে, দেড় বছর ধরে অনেক রাস্তাই খারাপ। আমরা সমস্ত খারাপ রাস্তা সারাইয়ের প্ল্যান করে প্রস্তাব পাঠিয়েছি অনেক আগেই। কিন্তু টাকা বরাদ্দ হয়নি। অর্থ আসেনি বলে কোনও রাস্তারই কাজ আমরা করে উঠতে পারিনি। অর্থ বরাদ্দ হলেই, আমরা কাজ শুরু করে দেবো।’ সমীরের দাবি, প্রায় আট-দশটা রাস্তার এস্টিমেট পাঠানো আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কোনওটার জন্যই টাকা বরাদ্দ হয়নি। তিনি বলেন, ‘টাকা না দিলে আমরাই বা কী ভাবে কাজ করাব? টাকা পেলেই কাজ শুরু হয়ে যাবে।’
জানা গিয়েছে, আরামবাগের বসন্তপুর মোড় থেকে পাঁচের পল্লি হয়ে যে রাস্তাটি পিসি সেন রোডে উঠছে, সেই রাস্তার হাল খুবই খারাপ। আরামবাগের রামকৃষ্ণ সেতু থেকে বাঁধপাড়ার রাস্তাটির অবস্থা আরও খারাপ। দ্বারকেশ্বর নদের ধারেই এই বাঁধ। বাঁধের উপরে যে কংক্রিটের রাস্তাটি আছে, তার অবস্থাও ভয়ঙ্কর। পাশাপাশি, ১৩ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লির রাস্তাও বেহাল দীর্ঘ দিন। এখানে আবার জলও জমে থাকে অধিকাংশ সময়েই। এরই সঙ্গে, দু’ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় রাস্তার হাল খারাপ। বসন্তপুর থেকে স্টেশন রোডের অবস্থা অত্যন্ত বেহাল। একই রকম, পুরসভার রাস্তাগুলির স্বাস্থ্যও ভেঙে পড়েছে দীর্ঘ দিন মেরামতি না হওয়ার কারণে।
এলাকার বাসিন্দা দেবীপ্রসাদ দাস বলেন, ‘দীর্ঘদিন ধরে এ সব রাস্তা খারাপ। পুরসভা তো কোনও উদ্যোগই নেয়নি। স্বজনপোষণ করে গিয়েছেন এই পুরসভার বর্তমান চেয়ারম্যান সমীর ভাণ্ডারী। কাজ আর কী ভাবে হবে!’
তবে আরামবাগের নব নির্বাচিত বিজেপি বিধায়ক হেমন্ত বাগ বলেন, ‘আমরা পুরসভাকে বলেছি। কিন্তু এই সরকারের বয়স মাত্র দেড় মাস। এর মধ্যেই আমরা যতটা সম্ভব পেরেছি, উন্নয়ন করছি। রাস্তাঘাট সবই হবে। প্ল্যান-প্রোগ্রাম করা হবে। মানুষের পরিষেবা আগে। পরে অন্য কিছু। আশা করছি, মানুষের এই দাবি আমরা দ্রুত পূরণ করতে পারব।’