নিখোঁজ চিঙ্কি, খুঁজে দিলে পুরস্কার
এই সময়, সোনারপুর: তিন দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না আদরের চিঙ্কিকে। কতই বা বয়স ওর! এই বয়সে এলাকার রাস্তাঘাট চেনার কথা নয়। মেয়ের চিঙ্কির হদিস পেতে অবশেষে বিজ্ঞাপন দেওয়া হলো সমাজমাধ্যমে। যদি কোনও সহৃদয় ব্যক্তি চিঙ্কিকে খুঁজে দিতে পারে তার জন্য থাকবে পুরস্কারও। তবে চিঙ্কি মানবসন্তান নয়, ধবধবে সাদা, নরম তুলতুলে একটি মেনি বিড়াল।
সোনারপুর নিশ্চিন্তপুরের একটি পরিবারের আদরের পোষ্য চিঙ্কি সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ আচমকা নিখোঁজ হয়ে যায়। তার পর থেকেই তাকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছেন পরিবারের সদস্যরা। বোসপুকুর বিডিও অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা রীতা ঘোষ বিড়াল, কুকুর পছন্দ করেন। লোকের বাড়ি পরিচারিকার কাজ করেও একাধিক বিড়াল, কুকুরকে নিজের বাড়িতে ঠাঁই দিয়েছেন।
রীতার দাবি, ধবধবে সাদা রঙের চিঙ্কি অন্য চারটি বিড়ালের থেকে একেবারেই আলাদা। বাড়ির বাকি বিড়ালগুলি বাইরে ঘোরাফেরা করলেও আট মাস বয়সের চিঙ্কি সাধারণত বাড়ির মধ্যেই থাকত।
মঙ্গলবার রাত পর্যন্ত বহু খোঁজাখুঁজির পরেও কোনও সন্ধান মেলেনি চিঙ্কির। পোষ্যের মালকিন কান্নায় ভেঙে পড়েছেন। পরিবারের অন্য সদস্যদেরও মন খারাপ। তাঁদের আশঙ্কা, কেউ হয়তো বিড়ালটিকে তুলে নিয়ে গিয়েছে। আবার কোনও কুকুর বা অন্য প্রাণীর আক্রমণেরও শিকার হতে পারে সে।
প্রিয় পোষ্যকে ফিরে পেতে ইতিমধ্যেই আশপাশের এলাকায় খোঁজ করেছেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের কাছেও আবেদন জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক মাধ্যমে পোস্টার ছড়িয়ে চিঙ্কির সন্ধান চেয়েছেন পরিবারের সদস্যরা। কাঁদতে কাঁদতে রীতা বলেন, ‘মন খুব খারাপ। ক’দিন ধরে নাওয়া, খাওয়া ভুলেছি। পথ চেয়ে বসে আছি কবে চিঙ্কি বাড়ি ফিরবে।’