চরম টেনশন বা বিপদের মুখে ফিক করে হেসে ফেলেন আপনিও? Ei Samay
চরম অস্বস্তিকর কোনও মূহূর্ত বা খুব চাপের মধ্যে রয়েছেন— যে পরিস্থিতে মানুষ কী বলবেন বুঝতে পারেন না, সেখানেই কেউ হয়তো হাসছেন। আপনার নিজেরও কি এই মুহূর্তে হাসি পেয়ে যায়? বাইরে থেকে দেখে মনে হতে পারে, সেই ব্যক্তি হয়তো বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছেন বা মজা পাচ্ছেন। কিন্তু সত্যিই কি তাই? কী বলছে মনোবিজ্ঞান?
বিশেষজ্ঞদের মতে, নার্ভাস অবস্থায় হাসি পাওয়া আসলে একটি স্বাভাবিক মানসিক প্রতিক্রিয়া, যা উদ্বেগ, চাপ বা অস্বস্তিকর পরিস্থিতি সামলানোর উপায় হিসেবে কাজ করে।
নার্ভাস লাফটার
বিশেষজ্ঞদের মতে, কেউ যখন মানসিক ভাবে অত্যন্ত চাপে থাকে বা নিরাপত্তাহীনতায় ভোগেন, তখন মস্তিষ্ক সেই অস্বস্তিকর আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এই সময় অনেকের মধ্যেই অনিচ্ছাকৃত ভাবে হাসির প্রতিক্রিয়া দেখা যায়। একে বলা হয় ‘নার্ভাস লাফটার’। এটাকে আনন্দ ভেবে ভুল করবেন না, বরং মানসিক চাপ কমানোর একটি অবচেতন কৌশল বলা যেতে পারে।
কঠিন সামাজিক পরিস্থিতিতেও এই ধরনের হাসি খুব সাধারণ। যেমন- কোনও ভুল করে ফেললে, জনসমক্ষে কথা বলার সময়, নতুন মানুষের সঙ্গে পরিচয়ের মুহূর্তে বা সমালোচনার মুখে পড়লে অনেকেই হেসে ফেলেন। এর মাধ্যমে ব্যক্তি নিজের অস্বস্তি ঢাকার চেষ্টা করেন, পরিস্থিতিকে কিছুটা সহজ করে তুলতে চান। মনোবিজ্ঞানীরা মনে করেন, এই আচরণ মানুষকে মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।