WB School: আগামী ১৫ দিন! রাজ্যের সব স্কুলে গেল সরকারের তরফ থেকে বড় নির্দেশ | West Bengal to Observe Shyama Prasad Mukherjee Fortnight in Schools, July 6 Declared State Holiday
স্কুলগুলোতে বড় নির্দেশImage Credit: Subhankar Chakraborty/HT via Getty Images
কলকাতা: ৬ জুলাই রাজ্য সরকারি ছুটি থাকবে। কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এবার রাজ্যের প্রত্যেকটা স্কুলে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। উচ্চশিক্ষা দফতর আজ থেকে আগামী পনেরো দিন রাজ্যের সব স্কুলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্যামাপ্রসাদ পক্ষ হিসেবে পালন করবে, জানালেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।
কলেজ বিশ্ববিদ্যালয়ে ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ পক্ষ পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। এ বার স্কুলে স্কুলেও সেই নির্দেশ পৌঁছে দিল বিকাশ ভবন। বিকাশ ভবন সূত্রের খবর, সোমবার রাজ্যের সব জেলাস্কুল পরিদর্শককে এই নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে স্কুলেও পৌঁছতে শুরু করেছে এই নির্দেশ। আগামী ১৫ দিন স্কুলগুলোতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। আলোচনা সভা, প্রবন্ধ প্রতিযোগিতা, বিতর্ক সভা, শ্যামাপ্রসাদের লেখা এবং তাঁর বক্তব্য পাঠ, তাঁর অবদান নিয়ে আলোচনাসভা ইত্যাদি নানা অনুষ্ঠান স্কুলে আয়োজিত হবে।
ক্ষমতায় আসার পরই বিজেপি সরকার স্পষ্ট করে দিয়েছিল, হারিয়ে যাওয়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে তাঁরা ফিরিয়ে আনবে। মানুষ যাতে শ্যামাপ্রসাদ নিয়ে চর্চা করেন, তাতে সচেষ্ট সরকার। একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সোমবার রাজ্য বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ৬ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। হুগলির জিরাটে অবস্থিত তাঁর পৈতৃক ভিটেটি রাজ্য সরকার ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে একটি রাষ্ট্রীয় স্মারক, সংগ্রহশালা ও গ্রন্থাগার গড়ে তোলা হবে এবং মূল বাড়িটি সংস্কার করে পুরনো মহিমায় ফিরিয়ে আনা হবে। পাশাপাশি, জিরাটে তাঁর একটি ১২৫ ফুট উঁচু বিশাল মূর্তি স্থাপন করা হবে। পাশাপাশি, শ্যামাপ্রসাদের স্মৃতির উদ্দেশ্যে রাজ্যজুড়ে পার্ক, গ্রন্থাগার ও স্মারক নির্মাণের জন্য বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।