Prakash Raj: একাধিক রাজ্যে ভোটার কার্ড রাখার অভিযোগ, প্রকাশ রাজের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি | Prakash raj faces non bailable warrant over alleged multiple voter ids - 24 Ghanta Bangla News
Home

Prakash Raj: একাধিক রাজ্যে ভোটার কার্ড রাখার অভিযোগ, প্রকাশ রাজের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি | Prakash raj faces non bailable warrant over alleged multiple voter ids

Spread the love

একাধিক রাজ্যে ভোটার আইডি কার্ড বা ভোটার তালিকাভুক্ত থাকার অভিযোগে জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা (NBW) জারি করল বেঙ্গালুরুর একটি আদালত। এই নির্দেশিকায় অভিনেতার গ্রেফতারির সম্ভাবনা তৈরি হয়েছে।

মামলাটির সূত্রপাত ২০১৯ সালে। আইনজীবী দিলীপ কুমার বেঙ্গালুরুর হালাসুরু গেট থানায় প্রকাশ রাজের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে দাবি করা হয়, কর্নাটক, তামিলনাড়ু এবং তেলঙ্গানা-সহ দেশের মোট চারটি রাজ্যে প্রকাশ রাজের নামে ভোটার আইডি কার্ড রয়েছে। যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে তা দেশের নির্বাচনী বিধির চরম লঙ্ঘন।

অভিযোগকারী দিলীপ কুমারের দাবি, থানায় অভিযোগ জানানোর পরেও পুলিশের পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি। এরপর তিনি বেঙ্গালুরুর সিটি পুলিশ কমিশনার এবং ভারতের নির্বাচন কমিশনের (ECI) দ্বারস্থ হন। কিন্তু সেখান থেকেও কোনও সদুত্তর বা প্রতিক্রিয়া না পেয়ে শেষ পর্যন্ত তিনি আদালতের কড়া নাড়েন।

ভারতের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, দেশের যেকোনও নাগরিক কেবল একটি নির্দিষ্ট জায়গাতেই ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারেন। একই সঙ্গে একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রাখা বা কার্ড থাকা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশ রাজ এই নিয়ম ভেঙেছেন বলেই মামলায় অভিযোগ করা হয়েছে।

জানা গিয়েছে, এই মামলার পরিপ্রক্ষিতে বেঙ্গালুরুর ৪৮ নম্বর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ACJM) আদালত এর আগে দু’বার অভিনেতাকে সশরীরে হাজির হওয়ার জন্য সমন পাঠিয়েছিল। কিন্তু দুবারই প্রকাশ রাজ আদালতের সামনে উপস্থিত হননি।

বারবার সমন পাঠানো সত্ত্বেও আদালতে হাজিরা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ম্যাজিস্ট্রেট আদালত। প্রকাশ রাজের এই লাগাতার অনুপস্থিতির বিষয়টি আমলে নিয়েই এবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *